এশিয়া

আধিপত্যবাদ চীনের ডিএনএতে নেই

প্রিটোরিয়া, ২৩ আগস্ট – চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বিশ্বের উদীয়মান অর্থনীতির জোট ব্রিকস সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। একটি ন্যায্য বিশ্ব ব্যবস্থা গঠনের জন্য এটি জরুরি উল্লেখ করে তিনি বলেন, চীনের ডিএনএতেই আধিপত্যবাদ নেই।

স্থানীয় সময় মঙ্গলবার (২২ আগস্ট) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস শীর্ষ সম্মেলনের শুরুতে চীন প্রেসিডেন্টর পক্ষ থেকে বক্তব্য দেন দেশটির বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও।

তিনি শি জিনপিংকে উদ্ধৃত করে বলেন, ‘বড় ধরনের শক্তির প্রতিযোগিতায় নামা বা ‘গোষ্ঠী দ্বন্দ্ব’ সৃষ্টি করার কোনো ইচ্ছা চীনের নেই।’ সি আরও বলেন, ‘চীন ইতিহাসের সঠিক দিকেই দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে এবং বিশ্বাস করে, সবার মঙ্গলের জন্য একটি ন্যায়সংগত পথ অনুসরণ করা উচিত।’

ওয়াং ওয়েনতাও আরও বলেন, সব বাধা মাড়িয়ে ব্রিকস এগিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করেছেন চীনের প্রেসিডেন্ট। তিনি বলেছেন, যতই বাধা আসুক না কেন ব্রিকস এগিয়ে যাবেই। তিনি আরও বলেন, এই মুহূর্তে, আমাদের সময়ে বিশ্ব এবং ইতিহাসের পরিবর্তনগুলো এমনভাবে উদ্ভাসিত হচ্ছে যা আগে কখনো হয়নি এবং এটি মানবসমাজকে একটি জটিল সন্ধিক্ষণের দিকে নিয়ে যাচ্ছে।

এদিকে শি জিনপিং কেন বিজনেস ফোরামের বৈঠকে যোগ দেননি সে বিষয়টি এখনো স্পষ্ট নয়। তবে শি জিনপিং যোগ না দিলেও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যোগ দিয়েছিলেন।

এর আগে দক্ষিণ আফ্রিকায় পৌঁছেই দেশটির প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন সি। সেখানে সি বলেন, তাদের দেশ ইতিহাসের এক নতুন অবস্থানে দাঁড়িয়ে আছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৩ আগস্ট ২০২৩

 


Back to top button
🌐 Read in Your Language