বলিউড

‘ভাগ্য ফেরাতে’ কার দরজায় কড়া নাড়লেন সালমান?

মুম্বাই, ০৫ জুলাই – বাণিজ্যিক ছবির মাধ্যমে বক্স অফিসে প্রত্যাবর্তন করতে চেয়েছিলেন সালমান খান। তাতে সফল হননি। চলতি বছর মুক্তি পাওয়া ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’ মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। এক ঝাঁক নবাগত অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে নিয়ে ভরাডুবি হয়েছে ছবির। এর আগে ‘রাধে’, ‘অন্তিম : দ্য ফাইনাল ট্রুথ’ ছবিও একেবারেই চলেনি বক্স অফিসে। একের পর এক ছবির ব্যর্থতার পর এ বার নতুন উদ্যোগ নিচ্ছেন সালমান। শোনা যাচ্ছে, কপাল ফেরাতে এবার পুরোনো এক সঙ্গীর সঙ্গে যোগাযোগ করেছেন ভাইজান।

সঞ্জয় লীলা বানসালী। বলিউডের অন্যতম সেরা সিনেনির্মাতা। সালমানের সঙ্গে কাজও করেছেন। নব্বইয়ের দশকের জনপ্রিয় ছবি ‘হাম দিল দে চুকে সনম’ ছবিতে জুটি বেঁধে কাজ করেছিলেন বাসসালী ও সালমান। বক্স অফিস সাফল্যের পাশাপাশি দর্শকেরও মন কেড়েছিল ওই ছবি। তারপর থেকেই বানসালি-সালমান জুটিকে ফের পর্দায় দেখতে মুখিয়ে অনুরাগীরা।

সে কথা ভেবেই ২০১৯ সালের মাঝামাঝি সময়ে ঘোষণা হয়েছিল ‘ইনশাল্লাহ’ ছবির। ছবিতে জুটি হিসাবে একে অপরের বিপরীতে কাজ করার কথা ছিল সালমান ও আলিয়া ভাটের। সালমানের রেওয়াজ মেনে ২০২০ সালের ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল ‘ইনশাল্লাহ’-র। সব ঠিকঠাক হয়ে যাওয়ার পরেও সেই ছবি তৈরি হয়নি। তবে এখন খবর, একের পর এক মূল ধারার বাণিজ্যিক ছবির ব্যর্থতার পরে এ বার বানসালীর সঙ্গে ‘ইনশাল্লাহ’ ছবিতে কাজ করতে আগ্রহী সালমান।

‘ইনশাল্লাহ’ ছবির মাধ্যমে একটি প্রেমের গল্প দর্শককে উপহার দিতে চেয়েছিলেন বানসালী। কয়েক বছর আগে তেমন ছবির প্রতি আগ্রহ দেখাননি সালমান। তবে যে ধরনের ছবিতে গত কয়েক বছর কাজ করেছেন সালমান, তাতে সাফল্য মেলেনি। ফ্লপের হ্যাটট্রিকের পর এবার ভাগ্য ফেরাতে উঠেপড়ে লেগেছেন ভাইজান। পাশাপাশি নিজের দুই ভাই বা অন্য কোনোও উঠতি শিল্পীকে জায়গা করে দেওয়ার জন্য নিজের কেরিয়ারের সঙ্গে আর আপস করতে চান না তিনি। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে সালমান বানসালীর সঙ্গে যোগাযোগ করলেও আদৌ ‘ইনশাল্লাহ’ তৈরি হবে কি না, তা নিয়ে এখনও ধোঁয়াশা থেকেই যাচ্ছে।

আইএ/ ০৫ জুলাই ২০২৩


Back to top button
🌐 Read in Your Language