জাতীয়

‘মানুষ কষ্টে থাকলে গতবারের চেয়ে ১ লাখ বেশি পশু কোরবানি হলো কীভাবে’

চট্টগ্রাম, ০১ জুলাই – তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, গত তিন দিন ধরে গলা ফাটিয়ে ফেলছেন ফখরুল সাহেবরা, দেশের মানুষ এবার কষ্টে আছে। আমার প্রশ্ন হলো- মানুষ কষ্টে থাকলে গতবারের চেয়ে ১ লাখ পশু বেশি কোরবানি কীভাবে হলো।

শনিবার (১ জুলাই) দুপুরে চট্টগ্রাম মহানগরীর দেওয়াঞ্জী পুকুর লেনস্থ নিজ বাসভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

হাছান মাহমুদ বলেন, বাংলাদেশে একটি পক্ষ আছে রাত ১২টার পরে টেলিভিশনের পর্দা গরম করে। অবশ্য, তাদের মধ্যে সবাই নয়, বিএনপি এবং তার মিত্ররা দেশে কোনো উন্নয়ন দেখতে পায় না। তারা দোতারাও নয়, একতারার সুরে সবসময় বলে বেড়াচ্ছে দেশের মানুষ ভালো নেই। আসলে উনারা ভালো নেই, কিন্তু দেশের মানুষ ভালো আছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতির বিরোধী উল্লেখ করে তিনি বলেন, ব্রিকসে বাংলাদেশের যোগদানের বিষয়টিকে সুবিধাবাদী পদক্ষেপ বলেছেন, যা অত্যন্ত নিন্দনীয়।

তথ্যমন্ত্রী বলেন, ব্রিকস হচ্ছে পৃথিবীর উদীয়মান অর্থনীতির দেশগুলোর একটি জোট। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, সাউথ আফ্রিকা আছে এই জোটে। উদীয়মান অর্থনীতির দেশগুলো পৃথিবীর উদীয়মান অর্থনীতির শক্তি। সেই শক্তিকে সবাই সমীহ করে। বাংলাদেশ যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছে তা নয়, বাংলাদেশ যেহেতু উদীয়মান অর্থনীতির দেশ, এজন্য তারা বাংলাদেশকে ব্রিকসে যোগদানের আহ্বান জানিয়েছে। এটি দেশের জন্য মর্যাদার ও সম্মানের। সেখানে যোগ দিলে বাংলাদেশের বহুমাত্রিক সুবিধা হবে।

নির্বাচন পদ্ধতি নিয়ে হাছান মাহমুদ বলেন, নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে, সরকারের অধীনে কোনো নির্বাচন হয় না। বিএনপি যখন সরকারে ছিল তারা ১৫ ফেব্রুয়ারি নির্বাচন সরকারের অধীনেই করেছিল। এখানেই বিএনপি গুলিয়ে ফেলেছে। সরকার শুধু নির্বাচন কমিশনকে ফ্যাসিলেট করবে। বিএনপিসহ তাদের মিত্ররা যতই দাবি দিক না কেন, সংবিধানের এক চুলও ব্যত্যয় হবে না।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ০১ জুলাই ২০২৩

Back to top button
🌐 Read in Your Language