গাজীপুর

গাজীপুর সিটি নির্বাচনের তফসিল হতে পারে সোমবার

ঢাকা, ০১ এপ্রিল – আগামী সোমবার (৩ এপ্রিল) গাজীপুর সিটি নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। গত ১১ মার্চ থেকে পরবর্তী ১৮০ দিনের মধ্যে এই সিটির নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে ইসির। এছাড়াও সোমবারের কমিশন সভায় আরও চার সিটি করপোরেশন (রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশাল) নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে।

জানা যায়, সোমবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে ইসির সভাকক্ষে বেলা ১১টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে।

এর আগে, গত বৃহস্পতিবার ইসি সচিব মো. জাহাংগীর আলম গণমাধ্যমকে জানিয়েছেন, পাঁচ সিটি নির্বাচন নিয়ে পরবর্তী কমিশন বৈঠকে সিদ্ধান্ত হবে। তবে এর মধ্যে প্রথমে গাজীপুর সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। সিটি করপোরেশন নির্বাচন আইন অনুযায়ী, নির্বাচিত করপোরেশনের মেয়াদ হচ্ছে প্রথম সভার পরবর্তী পাঁচ বছর। আর পরবর্তী নির্বাচন সম্পন্ন করতে হবে মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে।

ইসি জানায়, ২০১৮ সালের ২৭ জুন গাজীপুর সিটির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সে অনুযায়ী গাজীপুর সিটির ভোটগ্রহণ করতে হবে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে। নির্বাচিত করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে একই বছরের সেপ্টেম্বরে ১১ তারিখ। পরবর্তী নির্বাচনের সময়গণনা শুরু হয় ২০২৩ সালের ১১ মার্চ থেকে। সেই হিসেবে গাজীপুর সিটির ভোটগ্রহণ করতে হবে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে।

গাজীপুর সিটির সঙ্গে রাজশাহী সিটির নির্বাচন অনুষ্ঠিত হলেও করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয় ওই বছর ১১ অক্টোবর। এজন্য পরবর্তী সাধারণ নির্বাচনের সময়গণনা শুরু হবে আগামী ১১ এপ্রিল। আর নির্বাচন করতে হবে চলতি বছরের ১০ অক্টোবরের মধ্যে।

২০১৮ সালের ৩০ জুলাই খুলনা সিটির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী সিটির সঙ্গে খুলনার নির্বাচিত করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে ওই বছর ১১ অক্টোবর। এজন্য পরবর্তী সাধারণ নির্বাচনের সময়গণনা শুরু হবে আগামী ১১ এপ্রিল। আর ভোটগ্রহণ করতে হবে আসছে ১০ অক্টোবরের মধ্যে।

২০১৮ সালের ৩০ জুলাই সিলেট সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচিত করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে একই বছর ৭ নভেম্বর। পরবর্তী সাধারণ নির্বাচনের সময়গণনা শুরু হবে আগামী ৬ মে। আর ভোটগ্রহণ করতে হবে চলতি বছর ৫ নভেম্বরের মধ্যে।

এছাড়া, সিলেট সিটির সঙ্গে বরিশাল সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হলেও নির্বাচিত করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয় ওই বছর ১৪ নভেম্বর। পরবর্তী সাধারণ নির্বাচনের সময়গণনা শুরু হবে আগামী ১৪ মে। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এ বছর ১৩ নভেম্বরের মধ্যে।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ০১ এপ্রিল ২০২৩


Back to top button
🌐 Read in Your Language