গাজীপুর

তৃতীয় তলার দেয়াল ধসে পড়ল টিনশেড বাড়িতে, শিশুর মৃত্যু, আহত ৪

গাজীপুর, ৩১ মার্চ – গাজীপুর সিটি কর্পোরেশনের জরুন এলাকায় বৃহস্পতিবার মধ্য রাতে বয়ে যাওয়া ঝড়ো হাওয়া ও বৃষ্টির সময় নির্মাণাধীন বহুতল ভবনের তিন তলার ওয়াল ধসে পাশের টিনশেড বাড়ির উপর পড়ে এক শিশু নিহত এবং শিশুর মাসহ চারজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত মুশফিক (৪) রাজশাহীর মোস্তাফিজুর রহমানের ছেলে। আহতরা হলেন মুশফিকের মা মোছাঃ মুক্তা (২৫), মোহাম্মদ রুবেল (৩০), মোঃ জাহিদুল ইসলাম (২৮) এবং শহীদুল ইসলাম (২২)। হতাহতরা সকলেই স্থানীয় মোহাম্মদ বাচ্চু খানের বাড়ির ভাড়াটে।

কোনাবাড়ি থানার ওসি মো. আশরাফ উদ্দিন জানান, বৃহস্পতিবার মধ্যরাতে এলাকায় বৃষ্টি ও ঝড়ো হাওয়া বইছিল। একপর্যায়ে রাত ১২ টা ৪৫ মিনিটের দিকে কোনাবাড়ি জরুন এলাকার মোঃ ফারুক আহমেদের নির্মানাধীন ৫তলা ভবনের ৩ তলার পূর্ব পাশের ১৫ ফিট উঁচ্চতার ওয়ালটি ধসে পাশের মোহাম্মদ বাচ্চু খানের টিনশেড বাড়ির উপর পড়ে যায়। এতে ওই বাড়ির ১৮টি রুমের ক্ষয়ক্ষতি হয় এবং বেশ কয়েকজন আহত হয়। ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তাদের মধ্যে এক শিশু মারা গেছে বলে জানতে পেরেছি।

কোনাবাড়ি থানার উপপরিদর্শক এসআই শাখাওয়াত ইমতিয়াজ জানান, বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১ টার দিকে কোনাবাড়ি থানার জরুন এলাকার ফারুক আহমেদের নির্মাণাধীণ ৫তলা ভবনের তৃতীয় তলার এক পাশের দেয়াল ধসে নিচের বসতবাড়ির উপর পড়ে ওই হতাহতের ঘটনাটি ঘটেছে। এসময় টিনশেড বাড়ির ১৮ টি কক্ষ কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষন করা হয়েছে। ফায়ার সার্ভিস-কর্মীরাও গিয়েছিলেন। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কাশিমপুর মিনি ফায়ার স্টেশনের ওয়্যারহাইস ইন্সপেক্টর মো. মিরাজুল ইসলাম বলেন, ভবন ধসের খবর পেয়ে ডিবিএল ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যায়। এ ঘটনায় কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে পাঠানোর পর কর্তব্যরত চিকিৎসক মুশফিককে মৃত ঘোষণা করেন। তার মায়ের অবস্থাও আশঙ্কাজনক। আহত অন্যরাও ওই হাসপাতালে ভর্তি আছেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ৩১ মার্চ ২০২৩


Back to top button
🌐 Read in Your Language