চট্টগ্রাম

চট্টগ্রামে পুলিশসহ ১১ জনের বিরুদ্ধে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ মামলা

আবু জাফর

চট্টগ্রাম, ৩০ নভেম্বর- চট্টগ্রামে অস্ত্র ও ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে বোয়ালখালী থানার বরখাস্ত ওসি হিমাংশু কুমার দাশ ও ৮ পুলিশসহ ১১ জনের বিরুদ্ধে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ মামলা করেছে সমর কৃষ্ণ নামে শিক্ষানবীশ এক আইনজীবী। সোমবার (৩০ নভেম্বর) সকালে পটিয়া যুগ্ম জেলা জজ আবদুল কাদেরের আদালতে মামলাটি দায়ের করেন তিনি। আদালত মামলাটি গ্রহণ করে সমন জারি করেছে।

সম্প্রতি ওসি প্রদীপের ঘটনার পর, সারাদেশে পুলিশের বিরুদ্ধে মামলা হলে তিনি আদালতে মামলা করেন। এর আগে অর্থ ও ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে ওই ১১ জনকেই আসামি করে আরেকটি মামলা করেন সমর কৃষ্ণ।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৭ মে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আদালত সংলগ্ন চট্টগ্রাম নগরের জহুর হকার্স মার্কেটের সামনে থেকে সমর চৌধুরীকে তুলে নিয়ে যায় বোয়ালখালী থানা পুলিশ। পরদিন ২৮ মে সকালে ৩১০ পিস ইয়াবা ও একটি একনলা বন্দুক হাতে ধরিয়ে দিয়ে ছবি তুলে সেই ছবি বোয়ালখালী থানা পুলিশ গণমাধ্যমে পাঠায়। এ সময় ইয়াবা ও অস্ত্র উদ্ধারের মামলা দিয়ে জেলে পাঠায় সমর কৃষ্ণ চৌধুরীকে।

এর পরদিন বিকালে সমর কৃষ্ণ চৌধুরীর মেয়ে তমালিকা চৌধুরী বোয়ালখালীতে এক সংবাদ সম্মেলনে পুলিশের বিরুদ্ধে তার বাবাকে মাদক ও অস্ত্র দিয়ে মামলায় ফাঁসানোর অভিযোগ করেন।

সমর কৃষ্ণ চৌধুরীর পরিবার দাবি করেন, বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক সঞ্জয় দাশের সাথে বিরোধের জেরে বোয়ালখালী থানা পুলিশ সমর কৃষ্ণ চৌধুরীকে চট্টগ্রাম নগর থেকে তুলে নিয়ে মাদক ও অস্ত্র দিয়ে মামলায় ফাঁসিয়ে দিয়েছে।

২০১৮ সালের ২৪ জুন মাদক মামলা ও ১০ জুলাই অস্ত্র মামলায় আদালত থেকে জামিন পান সমর কৃষ্ণ চৌধুরী। ১২ জুলাই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। ২৮ আগস্ট জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেনের আদালত সমর কৃষ্ণ চৌধুরীকে অস্ত্র আইনে দায়ের করা মামলা থেকে খালাস দেন।

এ ঘটনায় চট্টগ্রামের তৎকালীন এসপি নুরে আলম মিনা একজন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করেন। তদন্তে পুলিশের অপরাধ প্রমাণ পাওয়ায় অভিযুক্তদের প্রত্যাহার করা হয়েছিল।

সূত্র: বিডি২৪লাইভ

আর/০৮:১৪/৩০ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language