পশ্চিমবঙ্গ

হিন্দু পরিবারের বৃদ্ধের সৎকার করলেন মুসলিম প্রতিবেশী

কলকাতা, ২৯ নভেম্বর- ধর্মীয় সম্প্রীতির অনন্য নজির দেখা গেল পশ্চিমবঙ্গের আসানসোলে। একটি মাত্র হিন্দু পরিবার, ওই জেলার জামুরিয়া থানার অন্তর্গত দেশেরমোহন গ্রামে বসবাস করে।

শনিবার( ২৮ নভেম্বর) সন্ধ্যায় সেই পরিবারের প্রধান ব্যক্তি রামধনু রজক (৮০) বার্ধক্যজনিত কারণে মারা যান। মৃত্যুর খবর গ্রামের মুসলিম বাসিন্দারা রাতেই জানতে পারেন। তারপর গোটা গ্রাম একত্রিত হয়ে হিন্দু ধর্ম মতে মৃতদেহ সৎকারের সিদ্ধান্ত নেন।

তাঁরা রাতেই রামধনু রজকের ছেলে ও মেয়েদের খবর দেন। রোববার( ২৯ নভেম্বর) সকালে মৃতের এক ছেলে গ্রামে আসেন।

গ্রামের বাসিন্দা শেখ ফেরদৌস বলেন, ‘দেশেরমোহন গ্রামে মোট পরিবার ২৩০টি, তার মধ্যে মাত্র একটি হিন্দু পরিবার। কয়েকদিন আগে বার্ধক্যজনিত কারণে রামধনু রজক(৮০) অসুস্থ বোধ করেন। তখন সন্তানরা বাইরে থাকায় তার চিকিৎসার সমস্ত খরচ মুসলিম প্রতিবেশীরাই নেন। দুর্গাপুরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। শেষমেষ রানীগঞ্জের একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে সেখানেই তিনি প্রয়াত হন।’

এদিকে স্থানীয় বাসিন্দা শেখ মুবারক জানান, ‘দেশেরমোহন গ্রামের ধর্মীয় সম্প্রীতি গোটা এলাকার কাছে এক দৃষ্টান্ত। যিনি মারা গিয়েছেন, তিনি ধর্মীয় বিশ্বাসে হিন্দু হলেও আমাদের গ্রামেরই একজন সম্মাননীয় ব্যক্তি ছিলেন। এই গ্রাম প্রমাণ করল, মানুষ মানুষের পাশে দাঁড়াতে পারে। সে হিন্দু হোক, মুসলিম হোক বা অন্য যে ধর্মেরই হোক না কেন।’

সূত্র: আনন্দবাজার

আর/০৮:১৪/২৯ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language