ঢাকা

ছুটির দিনে মেট্রোরেলে উপচেপড়া ভিড়

ঢাকা, ১৩ জানুয়ারি – স্বপ্নের মেট্রোতে চড়তে সাপ্তাহিক ছুটির দিনটি বেছে নিয়েছেন অনেকে। সকালে শীত উপেক্ষা করে সকাল থেকেই মেট্রোরেলের সামনে দেখা গেছে যাত্রীদের ভিড়। অনেকেই পরিবারের ছোট-বড় সবাইকে নিয়ে মেট্রোরেলে ভ্রমণের অভিজ্ঞতা নিতে এসেছেন।

আজ শুক্রবার মেট্রোরেলের আগারগাঁও স্টেশনে সকাল থেকেই যাত্রীরা ভিড় করছেন। সাপ্তাহিক ছুটির দিন ও ইজতেমা চলায় মেট্রোরেলে ভিড় করেছেন মানুষ।

স্টেশনে কর্তব্যরত কর্মকর্তারা জানান, শুক্রবার ও ইজতেমা মিলিয়ে যাত্রীর চাপ বেড়ে গেছে। তবে তারা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন।

উত্তরার দিয়াবাড়ী থেকে আগারগাঁও পর্যন্ত চালু হওয়া মেট্রোরেল আগামী ২৫ জানুয়ারি থেকে পল্লবী স্টেশনেও থামবে। বর্তমানে মাঝে কোনো স্টেশনে থামছে না সদ্য চালু হওয়া এই মেট্রোরেল।

এছাড়া ২৫ জানুয়ারি থেকে সকাল ৮টার পরিবর্তে সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মেট্রোরেল চলবে। তবে গেট খোলা হবে ৮টা থেকে আর বন্ধ হবে ১২টায়।

উল্লেখ্য,গত ২৮ ডিসেম্বর বহুল কাঙ্ক্ষিত মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম ধাপে উত্তরার দিয়াবাড়ী থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু হয়েছে। চলতি বছরের ডিসেম্বর নাগাদ মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু হওয়ার কথা রয়েছে। আর ২০২৫ সালের মধ্যে মেট্রোরেল কমলাপুর পর্যন্ত যাবে।

সূত্র: আমাদের সময়
আইএ/ ১৩ জানুয়ারি ২০২৩

 


Back to top button
🌐 Read in Your Language