জাতীয়

সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের ১৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা

ঢাকা, ২১ এপ্রিল – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াত জোটের মনোনীত ১৩ জন প্রার্থী।

মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে সংরক্ষিত নারী আসনের রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খানের কাছে তারা এই মনোনয়ন ফরম জমা দেন।

জামায়াত ইসলামীর পক্ষ থেকে মনোনীত প্রার্থীরা হলেন নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মারদিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ ও সামসুন নাহার।

জোটের শরিক দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি থেকে মনিরা শারমিন ও মাহমুদা আলম মিতু মনোনয়ন পেয়েছেন।

এ ছাড়া জাগপার চেয়ারম্যান তাসমিয়া প্রধান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নারী মজলিসের সদস্য মাহবুবা হাকিমও জোটের প্রার্থী হিসেবে তালিকায় রয়েছেন।

বিশেষভাবে উল্লেখ্য যে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমকে এই সংরক্ষিত নারী আসনে জোটের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ আগামী ১২ মে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ২১ এপ্রিল। এরপর ২২ ও ২৩ এপ্রিল যাচাই বাছাই শেষে ২৯ এপ্রিল পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে।

প্রতিটি আসনে একক প্রার্থী থাকায় এই ৫০টি আসনেই প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে।

এনএন/ ২১ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language