অ্যাপলের সিইও পদ ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস

ওয়াশিংটন, ২১ এপ্রিল – দীর্ঘ ১৫ বছর সফলভাবে দায়িত্ব পালনের পর অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন টিম কুক। তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন জন টার্নাস। আগামী ১ সেপ্টেম্বর থেকে এই পরিবর্তন কার্যকর হবে বলে প্রতিষ্ঠানটি নিশ্চিত করেছে। ১৯৯৮ সালে অ্যাপলে যোগ দিয়েছিলেন টিম কুক। ২০১১ সালে কিংবদন্তি স্টিভ জবসের উত্তরসূরি হিসেবে তিনি সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার সুদক্ষ নেতৃত্বে অ্যাপল বিশ্বের অন্যতম মূল্যবান প্রযুক্তি প্রতিষ্ঠানে পরিণত হয় এবং বর্তমানে এর বাজারমূল্য প্রায় ৪ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে।
সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির বার্ষিক আয় দাঁড়িয়েছে প্রায় ৪১৬ বিলিয়ন ডলার। অন্যদিকে জন টার্নাস ২০০১ সাল থেকে অ্যাপলের সাথে যুক্ত আছেন। তিনি দীর্ঘ সময় হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ২০১৩ সালে তিনি ভাইস প্রেসিডেন্ট এবং ২০২১ সালে কোম্পানির নির্বাহী দলে অন্তর্ভুক্ত হন। আইফোন, আইপ্যাড, ম্যাকবুক এবং অ্যাপল ওয়াচের মতো জনপ্রিয় পণ্যগুলোর নকশা ও উন্নয়নে তার সরাসরি সম্পৃক্ততা ছিল।
অ্যাপলে আসার আগে তিনি ভার্চুয়াল রিসার্চ সিস্টেমে কর্মরত ছিলেন। তিনি পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চশিক্ষা লাভ করেছেন। কোম্পানির পরিচালকদের মতে জন টার্নাস কিছুটা প্রচারবিমুখ হলেও পণ্য উন্নয়ন ও প্রযুক্তিগত দক্ষতায় অত্যন্ত পারদর্শী।
নতুন দায়িত্ব নিয়ে জন টার্নাস এক প্রতিক্রিয়ায় বলেন এই সুযোগ পাওয়া তার জন্য বড় সম্মানের বিষয়। তিনি স্টিভ জবসের সান্নিধ্য এবং টিম কুককে মেন্টর হিসেবে পাওয়ার কথা কৃতজ্ঞতার সাথে উল্লেখ করেন। বাজার বিশ্লেষকদের মতে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বিশ্বব্যাপী ক্রমবর্ধমান প্রতিযোগিতার মধ্যে জন টার্নাসকে কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা করতে হতে পারে। তবে অভ্যন্তরীণ দীর্ঘ অভিজ্ঞতা থাকায় তিনি সফল হবেন বলে ধারণা করা হচ্ছে।
এস এম/ ২১ এপ্রিল ২০২৬









