টলিউড

১০ বছর পর ফের টেলিভিশন কাঁপাতে আসছেন মিঠুন

কলকাতা, ০৭ জানুয়ারি – ভারতের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। বলিউডেও বেশ খ্যাতি রয়েছে এই অভিনেতার। ৭১ বছর বয়সী এই অভিনেতা এখনও যেন মঞ্চ কাঁপান সমানতালে। পশ্চিমবঙ্গে মহাগুরুও বলা হয় তাকে।

নিজের অভিনয় দক্ষতা দিয়ে অর্জন করেছেন ব্যাপক জনপ্রিয়তা। সব বয়সের মানুষের মণিকোঠায় বসবাস এই অভিনেতার। জীবনের অনেক কঠিন লড়াইয়ের মধ্যে দিয়েও উপহার দিয়েছেন অসংখ্য হিট ছবি।

পশ্চিমবঙ্গের বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো- ডান্স বাংলা ডান্স। দীর্ঘদিন পর আবারও এই শোতে ফিরছেন মিঠুন। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রোমো ভাইরাল হয়েছে। আর সেই প্রোমোতেই সৃষ্টি হয়েছে ধামাকা।

সেখানেই অভিনেতা বলেন, টানা ১০ বছর পরে নিজের ঘরে ফিরে এলেন তিনি। ডান্স বাংলা ডান্স যে, তার মনের অনেক কাছাকাছি তা সেই প্রোমো দেখেই বোঝা যায়।

মিঠুনের মতে, সেটা স্বপ্ন নয়, যেটা আমরা ঘুমিয়ে দেখি। যা মানুষকে ঘুমাতে দেয় না সেটাই হচ্ছে স্বপ্ন। আর সেই স্বপ্নই বারবার দেখেছেন এই মহাগুরু।

প্রসঙ্গত, মিঠুন অভিনীত তার সর্বশেষ সিনেমা ‘প্রজাপতি’। বড়দিনেই মুক্তি পেয়েছে ছবিটি। বড় পর্দার পাশাপাশি টিভিতে বেশ জনপ্রিয় মিঠুন চক্রবর্তী।

আইএ/ ০৭ জানুয়ারি ২০২৩


Back to top button
🌐 Read in Your Language