বিমানবন্দরে অক্ষয়পুত্রকে বাধা, ভিডিও ভাইরাল

মুম্বাই, ০৭ জানুয়ারি – বলিউডের স্টারকিডদের নিয়ে মাঝে মধ্যেই শোরগোল দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। কখনও মাদক কাণ্ডে কখনও বা পোশাকের জন্য। এবার হট্টগোল শুরু হয়েছে অক্ষয় পুত্র আরভ ভাটিয়াকে নিয়ে। সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে এই স্টারকিডকে। মুহূর্তেই সেই ভিডিও চারিদিকে ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) কালিনা বিমানবন্দরে দেখা গেছে আরভকে। এ সময় সেখানকার নিরাপত্তারক্ষীরা বিমানবন্দরের প্রবেশদ্বারে আটকে দেয় অক্ষয় পুত্রকে। কিন্তু হঠাৎ কেন আটকে দেওয়া হল তাঁকে?
তারকাদের পাশাপাশি তাদের সন্তানদেরকেও এক ঝলক দেখার জন্য মুখিয়ে থাকেন ফটোগ্রাফাররা। তাই বিমানবন্দরে আরভকে দেখামাত্র তার দিকে ক্যামেরা ফোকাস করেন তারা। আর এতেই বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা আটকে দেয় আরভকে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিও।
জানা গেছে, বিমানবন্দরের নিরাপত্তা সংক্রান্ত কিছু পরীক্ষা করে দেখার জন্যই তাকে আটকে দেওয়া হয়। আর সকল নিয়ম মেনেই শান্ত ভাবে তার সকল কাগজপত্র পেশ করেন আরভ । সুষ্ঠ ভাবে সকল কার্যক্রম শেষ হওয়ার পর অনুমতি পায় ভেতরে যাওয়ার।
এদিকে আরভের এমন শান্ত আচরণে ব্যাপক মুগ্ধ নেটিজেনরা। এরই মধ্যে সেই ভিডিওর নিচে মন্তব্যের ঝড় উঠেছে তাদের। কেউ বলেছেন, আরভের একেবারেই কোনও ভাব নেই। অনেকে আবার বলেছেন, ভারী মিষ্টি ও কিউট ছেলে।
বরাবরই ক্যামেরা থেকে দূরে থাকতে পছন্দ করেন অক্ষয়-টুইঙ্কলের ছেলে। বর্তমানে বিদেশে পড়াশোনা করছেন আরভ। ভবিষ্যতে মায়ের পথেই হাঁটার ইচ্ছে তার। তাই অভিনয় নয়, অন্য পেশা বেছে নিতে চান অক্ষয়পুত্র। একজন ভালো ফ্যাশন ডিজাইনার হওয়ার ইচ্ছা আরভের।
আইএ/ ০৭ জানুয়ারি ২০২৩









