উত্তর আমেরিকা

অস্ত্র নিষিদ্ধে ফের জোরালো আহ্বান বাইডেনের

ওয়াশিংটন, ২৫ নভেম্বর – স্বয়ংক্রিয় অস্ত্র নিষিদ্ধে জোরালো আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। দেশটির কলোরাডো অঙ্গরাজ্যে একটি নৈশক্লাব ও ভার্জিনিয়ার ওয়ালমার্টে হামলায় ১১ জন নিহতের ঘটনার পর ফের এ আহ্বান জানান তিনি। খবর দ্য গার্ডিয়ানের।

থ্যাঙ্কসগিভিংয়ের উত্তরদাতাদের ধন্যবাদ জানাতে বৃহস্পতিবার ম্যাসাচুসেটসের ন্যান্টকেট দ্বীপে ফায়ার হাউস পরিদর্শন করেন বাইডেন। এ সময় বাইডেন বলেন, জানুয়ারিতে নতুন কংগ্রেস বসার আগে বন্দুক নিয়ন্ত্রণ আইন পাস করার চেষ্টা করা হবে।

তিনি বলেন, সেমি-স্বয়ংক্রিয় অস্ত্র কেনার অনুমতি দিয়ে রেখেছি আমরা, এমন ধারণা অসুস্থ। বন্দুক প্রস্তুতকারকদের লাভ ছাড়া আর কোনো যুক্তি নেই এতে। আমি কিছু করার চেষ্টা করছি। অস্ত্র হামলা থেকে পরিত্রাণের উপায় খুঁজছি।

যুক্তরাষ্ট্রে সাধারণ মানুষের কাছে আগ্নেয়াস্ত্র রাখা নিষিদ্ধের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে দেশটির বিভিন্ন সংগঠনসহ অনেকে। বাইডেন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসার পর অস্ত্র আইন কঠোর করার দাবি জানান সংশ্নিষ্ট কর্তৃপক্ষের কাছে। যদিও এখন পর্যন্ত খুব একটা অগ্রগতি দেখা যায়নি। এর মধ্যে বিভিন্ন অঙ্গরাজ্যে বন্দুক হামলার ঘটনা দিন দিন আরও বাড়ছে। এতে প্রাণ হারাচ্ছেন বহু মানুষ।

সূত্র: সমকাল
আইএ/ ২৫ নভেম্বর ২০২২


Back to top button
🌐 Read in Your Language