জাতীয়

বায়ুদূষণে বিশ্বে আজ দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে লাহোর

ঢাকা, ১০ মে – বিশ্বজুড়ে বায়ুদূষণ পরিস্থিতির বর্তমান অবস্থায় আজ সকালে দূষণের শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের লাহোর। এর ঠিক পরের অবস্থানেই রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

রোববার সকালে বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) রিয়েল টাইম তথ্য অনুযায়ী এ চিত্র উঠে এসেছে।

তথ্য অনুযায়ী সকাল ৮টা ৪০ মিনিটে লাহোরের দূষণ স্কোর ছিল ২০৭। এই স্কোরকে পরিবেশের ভাষায় খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। একই সময়ে ঢাকার বায়ুর মানের স্কোর ছিল ১৬৫ যা জনস্বাস্থ্যের জন্য অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত।

তালিকার তৃতীয় অবস্থানে থাকা ভারতের রাজধানী দিল্লির স্কোর রেকর্ড করা হয়েছে ১৫৯। বায়ুর মান নির্ধারণকারী সূচকে স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে তাকে ভালো হিসেবে ধরা হয়।

স্কোর ৫১ থেকে ১০০ হলে বাতাস সহনীয় পর্যায়ের এবং ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর মনে করা হয়। এছাড়া ১৫১ থেকে ২০০ স্কোরকে অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ স্কোরকে খুবই অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়।

দূষণ স্কোর ৩০১ অতিক্রম করলে সেই শহরের বাতাসকে দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক ঘোষণা করা হয়।

এনএন/ ১০ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language