মেক্সিকোতে বিশ্বকাপ ও তীব্র গরমে দেড় মাস আগেই স্কুল ছুটি

মেক্সিকো সিটি, ৯ মে – ফুটবল বিশ্বকাপ এবং তীব্র তাপপ্রবাহের কারণে মেক্সিকোতে এ বছর নির্ধারিত সময়ের প্রায় দেড় মাস আগেই শিক্ষাবর্ষ শেষ করার ঘোষণা দেওয়া হয়েছে। দেশটির শিক্ষামন্ত্রী মারিও দেলগাদো সামাজিক যোগাযোগমাধ্যমে জানান যে, পূর্বনির্ধারিত ১৫ জুলাইয়ের পরিবর্তে ৫ জুনেই স্কুল বন্ধ করে দেওয়া হবে। অসহনীয় তাপমাত্রা এবং আসন্ন ফুটবল বিশ্বকাপের কথা বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তবে সরকারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে দেশটির বিভিন্ন অভিভাবক সংগঠন। মেক্সিকোর ন্যাশনাল ইউনিয়ন অব প্যারেন্ট অ্যাসোসিয়েশন জানিয়েছে, বিশ্বকাপের দোহাই দিয়ে শিশুদের শিক্ষার ক্ষতি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাদের মতে, মেক্সিকোর ২ হাজার ৫০০টি পৌরসভার মধ্যে মাত্র তিনটিতে বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হবে। মেক্সিকো সিটি, মন্টেরে এবং গুয়াদালাহারায় মোট ১৩টি ম্যাচ হওয়ার কথা রয়েছে, যার মধ্যে উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে ১১ জুন।
বর্তমানে মেক্সিকোর কিছু অঞ্চলে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছালেও অনেক অভিভাবক মনে করেন এই গরম দেশটিতে নতুন কিছু নয়। সাধারণত জুলাই মাসের দিকে তাপমাত্রা কমতে শুরু করে। সরকারি এই সিদ্ধান্তের ফলে দেশটির প্রায় ৯০ শতাংশ শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবে যারা মূলত সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে।
এই পরিস্থিতিতে দেশটির রাষ্ট্রপতি ক্লডিয়া শেইনবাউম জানিয়েছেন যে স্কুল ছুটির বিষয়টি এখনও চূড়ান্ত নয় এবং এটি কেবল একটি প্রস্তাব হিসেবে মূল্যায়ন করা হচ্ছে। তিনি শিশুদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। অন্যদিকে মন্ত্রী দেলগাদো তার অবস্থানে অনড় রয়েছেন। সরকার এই সম্ভাব্য পড়াশোনার ক্ষতি পুষিয়ে নিতে পরবর্তী শিক্ষাবর্ষ কিছুটা আগে শুরু করার পরিকল্পনা করছে।
এস এম/ ৯ মে ২০২৬









