ইউরোপ

যুদ্ধ বন্ধের ডাক দিলেন বিশ্বনেতারা

জাকার্তা, ১৫ নভেম্বর – রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে আট মাসেরও বেশি সময় ধরে। এই যুদ্ধ বন্ধে জোরালো আহ্বান জানিয়েছেন জি২০ দেশের অধিকাংশ নেতা। ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত দুই দিনব্যাপী শীর্ষ সম্মেলনের প্রথম দিন মঙ্গলবার আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল এই যুদ্ধ ও বিশ্বের নানামুখী সংকট।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভিডিও কনফারেন্সে বলেছেন, যুদ্ধের অবসান ঘটানোর এখনই সময়। অন্যদিকে সম্মেলনে যোগ দেননি রুশ প্রেসিডেন্ট। তবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে দাবি করেন, পশ্চিমা বিশ্ব এ নিয়ে রাজনীতি করছে। যুদ্ধ নিয়ে শান্তিপূর্ণ সমাধান ও দ্রুত চুক্তিতে পৌঁছতে চায় তাঁর দেশ। রুশ আগ্রাসনকে ‘বর্বর যুদ্ধ’ বলে উল্লেখ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। বিশ্বের বিভক্তি দূর করার আহ্বান জানিয়েছে আয়োজক দেশ ইন্দোনেশিয়া। খবর বিবিসি ও আলজাজিরার।

ভূ-রাজনৈতিক টালমাটাল অবস্থা, ডুবতে বসা বিশ্ব অর্থনীতি, উচ্চ মূল্যস্ফীতি, খাদ্যনিরাপত্তার হুমকি, জ্বালানি আর অর্থনৈতিক সংকটের চরম মুহূর্তে বিশ্বনেতারা মিলিত হয়েছেন। সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ছাড়াও যুক্তরাজ্য, জাপানসহ ধনী দেশগুলোর নেতারা অংশ নিয়েছেন। এসব সংকট মোকাবিলায় জোরালো এবং সমন্বিত পদক্ষেপ চেয়েছে ভারত ও ব্রাজিলের মতো উন্নয়নশীল দেশ।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, খেরসনে মস্কোর পতনের পর তাঁদের শান্তির পথে ফেরাতে বিশ্বনেতাদের পক্ষ থেকে রাশিয়াকে চাপ দেওয়ার এখনই সময়। এ সময় তিনি ওই অঞ্চলে রুশ বাহিনীকে আর দাঁড়াতে না দেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন।

মঙ্গলবার সম্মেলনের শুরুর দিন বালিতে সংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। রাশিয়ার প্রেসিডেন্ট ভদ্মাদিমির পুতিন সম্মেলনে যোগ দিলে তাঁকে কী বলতেন- এমন প্রশ্নের জবাবে সুনাক বলেন, যুদ্ধের বিষয়ে আন্তর্জাতিক নিন্দা করা হয়েছে। জ্বালানি সংকট ও বিশ্বব্যাপী খাদ্যের দাম বাড়ায় মানুষের ওপর এর চরম প্রভাবও তুলে ধরেছি। বৈশ্বিক অর্থনীতি স্বাভাবিক এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি আন্তর্জাতিক শৃঙ্খলা রক্ষায় এ যুদ্ধ বন্ধে জি২০-এর দায়িত্ব রয়েছে।

এদিকে ঋষি সুনাকের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সুনাক প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এটিই মোদির সঙ্গে প্রথম বৈঠক। তবে তাঁদের মধ্যে কী নিয়ে আলাপ হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

সম্মেলনের একটি খসড়া ঘোষণায় বেশিরভাগ সদস্য ইউক্রেন যুদ্ধের তীব্র নিন্দা জানিয়েছে। এর মধ্যে রয়েছে রাশিয়ার মিত্র ভারত ও চীনও।

আলোচনার মাধ্যমে ইউক্রেন সংকট সমাধানে রাশিয়ার ওপর চাপ প্রয়োগ করতে শি জিনপিংয়ের প্রতি আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।

সূত্র: সমকাল
আইএ/ ১৫ নভেম্বর ২০২২


Back to top button
🌐 Read in Your Language