আফ্রিকা

সোমালিয়ায় শিক্ষা মন্ত্রণালয়ে বোমা হামলা

মোগাদিশু, ৩০ অক্টোবর – সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে শিক্ষা মন্ত্রণালয়ে দুটি গাড়ি বোমা বিস্ফোরণে বহু মানুষ হতাহতের আশঙ্কা করা হচ্ছে। দেশটির পুলিশ ও রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে এ তথ্য। কর্তৃপক্ষ জানিয়েছে যে, জঙ্গি গোষ্ঠী আল শাবাব এ হামলা চালিয়েছে।

কর্তৃপক্ষ বলছে, শিক্ষা মন্ত্রণালয়, একটি চৌরাস্তা এবং একটি স্কুলকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।

দেশটির পুলিশের মুখপাত্র সাদিক দুদিশে বলেছেন, স্থানীয় সময় দুপুর ২টার দিকে এ হামলা হয়। শিশু, নারী ও বৃদ্ধসহ বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে দুটি বিস্ফোরণ ঘটানো হয়।

দুদিশে বলেন, হতাহতদের সংখ্যা পরে জানানো হবে।

সোমালি জার্নালিস্ট সিন্ডিকেট (এসজেএস) নিশ্চিত করেছে যে কোনা নামের একজন টিভি রিপোর্টার নিহত হয়েছেন এ হামলায়।

পুলিশ কর্মকর্তা নুর ফারাহ রয়টার্সকে বলেছেন, প্রথম বিস্ফোরণটি মন্ত্রণালয়ে আঘাত হানে, দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে যখন অ্যাম্বুলেন্স আসে এবং লোকেরা ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য জড়ো হয়।

মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আরেক পুলিশ কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, কমপক্ষে ১২ জন নিহত ও ২০ জনের বেশি আহত হয়েছেন।

সূত্র: জাগোনিউজ
আইএ/ ৩০ অক্টোবর ২০২২


Back to top button
🌐 Read in Your Language