চট্টগ্রাম

চিকিৎসার নামে বাণিজ্য চট্টগ্রামের পিপলস হাসপাতালে

তাহের রাব্বী

চট্টগ্রাম, ২২ নভেম্বর- বিল-ভাউচার ছাড়াই অপারেশনের খরচ বাবদ আদায় করা হয় প্রায় দেড় লাখ টাকা। অভিযোগ ছিল রোগী হয়রানিরও। সব অভিযোগের সত্যতা পেয়ে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালকে এক লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

শনিবার বিকেলে নগরীর চকবাজারের পিপলস হাসপাতালকে এক লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হাসান। চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের যৌথ এ অভিযানে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির ও সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বী উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হাসান জানান, একজন রোগীর কাছ থেকে অপারেশনের খরচ বাবদ এক লাখ ৩৫ হাজার ৮৭৯ টাকা নিয়েছে হাসপাতালের মালিকপক্ষ। যাতে ৯০ হাজার টাকা অপারেশনের বিল ও বাকি টাকা সার্ভিস চার্জ হিসেবে দেখানো হলেও রোগীকে দেয়া হয়নি কোনো বিল-ভাউচার। রোগীর স্বজনরা বিষয়টির প্রতিবাদ জানালে উল্টো তাদের হয়রানি করে মালিকপক্ষের লোকজন।

তিনি আরো জানান, রোগীদের হয়রানি, অনিয়ম, চিকিৎসার নামে গলাকাটা বাণিজ্যসহ বিভিন্ন অভিযোগের প্রমাণ পাওয়ায় পিপলস হাসপাতালকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তীতে আবারো একই অভিযোগ পাওয়া গেছে আরো কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেয়া হয়েছে।

সূত্র: নতুন সময়

আর/০৮:১৪/২২ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language