ঢালিউড

রুপালী পর্দায় দেখা যাবে শাজাহান খানের গল্প

ঢাকা, ১৭ অক্টোবর – বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর উপন্যাস ‘গাঙচিল ভালোবাসা’ অবলম্বনে নির্মিত হয়েছে ফেরদৌস-পূর্ণিমাকে নিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গাঙচিল’। এবার একইভাবে শাজাহান খানের গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘জয় বাংলার ধ্বনি’।

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক নৌপরিবহন মন্ত্রী এবং শ্রমিক নেতা শাজাহান খান। তার লেখা গল্প অবলম্বনে ‘জয় বাংলার ধ্বনি’ মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা। এ সিনেমাটি ২০২১-২২ অর্থবছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে। এটি পরিচালনা করছেন খ ম খুরশীদ। এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক নিরব হোসেন ও চিত্রনায়িকা সুনেরাহ বিনতে কামাল।

বিষয়টি নিশ্চিত করে নায়ক নিরব বলেছেন, ‘২০ অক্টোবর থেকে ‘জয় বাংলার ধ্বনি’ সিনেমার শুটিং শুরু হবে। একই দিন হবে মহরত। এ সিনেমার গল্পকার সাবেক নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান। মহরতের দিন তিনিও উপস্থিত থাকবেন। তার লেখা গল্পটি নিয়ে সবার সঙ্গে সরাসরি কথা বলবেন। কিছু চমক থাকবে সেদিন।’

নিরব আরো বলেন, ‘স্বাধীনতা যুদ্ধের সময় জয় বাংলা স্লোগানের মহাত্বটাকে তুলে ধরা হবে এই সিনেমায়। এখানে স্বাধীনতার সময়কালীন ও বর্তমান সময়ের প্রেক্ষাপট দেখানো হবে। এতে ২৪-২৫ বছরের যুবক ও বৃদ্ধের চরিত্রে দেখা যাবে আমাকে। মুক্তিযুদ্ধ মানেই অনেক বড় কিছু।অন্য সবার মতো আমারও মুক্তিযুদ্ধ নিয়ে দুর্বলতা আছে। আশা করি সিনেমাটি ভালো হবে।’

নিরব-সুনেরাহ ছাড়াও ‘জয় বাংলার ধ্বনি’ সিনেমায় কিংবদন্তি অভিনেতা ও সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপিও রয়েছেন। তিনি অভিনয় করবেন একজন রাজাকারের ভূমিকায়। শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুরসহ দেশের বিভিন্ন জায়গায় টানা এ সিনেমার শুটিং হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

এম ইউ/১৭ অক্টোবর ২০২২


Back to top button
🌐 Read in Your Language