ঢালিউড

রাজ্যকে নিয়ে ঘরে ফিরেই আকিকা দিলেন রাজ-পরী

ঢাকা, ১৮ আগস্ট – নিজেদের প্রথম সন্তান শাহীম মুহাম্মদ রাজ্যকে নিয়ে হাসপাতাল থেকে ঘরে ফিরেই দুটি খাসি জবাই করে আকিকা দিয়েছেন পরী-রাজ দম্পতি। একই দিনে মিলাদ মাহফিলের আয়োজনও করেন তারা। তাদের এই আয়োজনে উপস্থিত ছিলেন নির্মাতা চয়নিকা চৌধুরী, গিয়াস উদ্দিন সেলিম, রেদওয়ান রনি, রায়হান রাফি, অভিনেত্রী তমা মির্জাসহ অনেকে।

গতকাল বুধবার (১৭ আগস্ট) সকালে নিজেদের প্রথম সন্তান রাজ্যকে নিয়ে হাসপাতাল থেকে বাসায় ফেরেন এই তারকা দম্পতি।
তাদের শুভেচ্ছা জানিয়ে চয়নিকা চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘অনেক কথা মুখ দিয়ে বলতে হয় না। কারণ, এর গভীরতা বলে বোঝানো যায় না। তা শুধুই অনুভবের ব্যাপার। আজ পরীমনি আর রাজ এর রাজপুত্র রাজ্যের আকিকা হলো। সকালে দুইটা খাসী জবাই করা হলো আর মিলাদের ব্যবস্থা ছিল। ছোট্ট পরিসরে এত সুন্দর একটা অনুষ্ঠান হলো। অনেক আনন্দ পেলাম। ’

রাজ-পরীর সন্তানকে আশীর্বাদ জানিয়ে তিনি আরো লেখেন, ‘অনেক অনেক আশীর্বাদ রাজ্য তোমার জন্যে। মায়ের মত সাহসী আর সুন্দর মনের মানুষ হও, নিরাপদে থেকো। আর বাবার মত সাহসী প্রেমিক আর কেয়ারিং হও, এই প্রার্থনা। আর নানীমাকে কিন্তু ভুলে যেও না! হুম! আদর আদর আদর। ’
গত বুধবার (১০ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন সময়ের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। জন্মের এক দিন পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলের পুরো নামসহ ছবিও প্রকাশ করেন পরী-রাজ দম্পতি। এই তারকা দম্পতি তাদের প্রথম সন্তানের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য।

গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেছিলেন পরীমনি ও রাজ। চলতি বছরের ১০ জানুয়ারি চিত্রনায়ক শরীফুল ইসলাম রাজের সঙ্গে নিজের বিয়ের সংবাদ জানান তিনি। সেই সঙ্গে অনাগত সন্তানের খবরটিও জানান সাংবাদিকদের।

আইএ/ ১৮ আগস্ট ২০২২

Back to top button
🌐 Read in Your Language