চট্টগ্রাম

পাহাড় কাটার অভিযোগে সস্ত্রীক চসিক কাউন্সিলের নামে মামলা

চট্টগ্রাম, ১০ আগস্ট – চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর মো. জহুরুল আলম জসিমসহ (৫৩) তিনজনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর।

বুধবার (১০ আগস্ট) পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিদর্শক মো. সাখাওয়াত হোসাইন বাদী হয়ে নগরীর আকবর শাহ থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় কাউন্সিলর জসিমের স্ত্রী তাছলিমা বেগমকেও (৩৯) আসামি করা হয়েছে। অন্য আসামি হলেন- আকবর শাহ থানাধীন বিশ্ব কলোনী এলাকার এল ব্লকের বাসিন্দা জামাল উদ্দিনের ছেলে মোহাম্মদ হৃদয় (২৬)।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানাধীন উত্তর পাহাড়তলী মৌজার লেকসিটি আবাসিক এলাকা সংলগ্ন স্পটে অনুনোমোদিতভাবে পাহাড় মোচন ও পাহাড় কর্তন করে স্থাপনা নির্মান করেছেন কাউন্সিলর জসিম।

গত ৮ আগস্ট পরিবশে অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের একটি টিম ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, টিলা শ্রেণির জমির আনুমানিক ৩ শতাংশ অংশের ছোট-বড় সব গাছ ও ঝোপঝাড় কেটে টিলা মোচন করা হয়েছে। তাছাড়া পাহাড় কেটে একটি টিনশেড সেমিপাকা স্থাপনা নির্মাণ করা হয়েছে। কাটা হয়েছে বড় গাছও।
বুধবার সকালে তাকে শুনানিতে ডাকে পরিবেশ অধিদপ্তর। শুনানিতে হাজির হয়ে জাসিমের বাড়ির কেয়ারটেকার মোহাম্মদ হৃদয় জানান, কর্তন করা টিলা শ্রেণির জমির প্রকৃত মালিক জহুরুল আলম জসিম এবং তার স্ত্রী তছলিমা বেগম।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক হিল্লোল বিশ্বাস জাগো নিউজকে বলেন, উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর জসিমের বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ আগেও ছিল। তবে প্রমাণের অভাবে কোনো পদক্ষেপ নেওয়া যায়নি। সোমবার (৮ আগস্ট) লেকসিটি এলাকায় পরিদর্শনে গিয়ে পাহাড় কাটার সত্যতা পাওয়া যায়। পরে কাউন্সিলর জহুরুল আলম জসিমের বিরুদ্ধে আকবর শাহ থানায় পরিবেশ আইনে মামলা করা হয়েছে।

আকবার শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়ালী উদ্দিন আকবর জাগো নিউজকে বলেন, মামলার এজাহারে কোনো কাউন্সিলর লেখা নেই। তবে জহুরুল আলম জসিমের নামে মামলা হয়েছে।

মামলা রেকর্ডের পর এজাহারনামীয় আসামি জহুরুল আলম জসিম, কাউন্সিলর জহুরুল আলম জসিম কি না, জানতে চাইলে ওসি বলেন, ‘ওনি কাউন্সিলর জহুরুল আলম জসিম কি না, সেটা মামলার তদন্ত কর্মকর্তা বলতে পারবেন। মামলা পরিবেশ অধিদপ্তর নিজেরাই তদন্ত করবেন।’

সূত্র: জাগোনিউজ
আইএ/ ১০ আগস্ট ২০২২


Back to top button
🌐 Read in Your Language