হেরোইনসহ মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
মানিকগঞ্জ, ১২ নভেম্বর- হেরোইনসহ মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শামিম হোসেন ও তার দুই সঙ্গীকে গ্রেফতার করেছে গোলড়া হাইওয়ে থানা পুলিশ। বুধবার বিকাল ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বালিথা থেকে তাদের আটক করেছে হাইওয়ে পুলিশ।
আটককৃতরা হলেন- সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের পশ্চিম গোলড়া গ্রামের মোজাফফর আলীর ছেলে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শামিম হোসেন, কামতা এলাকার আলী জিন্নাহর ছেলে রবিউল আওয়াল ও চড়খণ্ড গোলড়ার এলাকার রোস্তম মিয়ার ছেলে আলমগীর হোসেন।
গোলড়া হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। পরে তাদের ব্যবহৃত মোটরসাইকেল ও শরীর তল্লাশি করে পাঁচ গ্রাম হেরোইন জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে ধামরাই থানায় মাদক আইনে মামলা হয়েছে।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি কাজী রাজু আহামেদ বুলবুল বলেন, কোনো মাদক সেবক ও ব্যবসায়ী ছাত্রলীগের সঙ্গে থাকতে পারবে না। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অবহিত করা হয়েছে। যদি এ ধরনের কাজের সঙ্গে ছাত্রলীগের কেউ জড়িত থাকে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়া হবে।
সূত্র: যুগান্তর
আডি/ ১২ নভেম্বর









