আইন-আদালত

খালেদা জিয়ার ভাই শামীম এস্কান্দারের বিরুদ্ধে মামলা চলবে

ঢাকা, ১২ জুন – বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এ আদেশের ফলে তাঁর বিরুদ্ধে বিচারিক আদালতে মামলা চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

আজ রোববার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে শামীম এস্কান্দরের পক্ষে শুনানি করেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন। আর, দুদকের পক্ষে ছিলেন আইনজীবী এ কে এম ফজলুল হক।

জরুরি অবস্থার মধ্যে ২০০৭ সালে শামীম এস্কান্দারের সম্পদের হিসাব চেয়ে নোটিশ দিয়েছিল দুদক। সে অনুসন্ধান শেষে ২০০৮ সালের ৫ মে তাঁর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের মামলা করা হয়।

রাজধানীর রমনা থানার করা ওই মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছিলেন শামীম এস্কান্দার ও তাঁর স্ত্রী। পরে শামীম এস্কান্দরের এক আবেদনে ২০০৯ সালে মামলার কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। ওই স্থগিতাদেশ আপিল বিভাগেও বহাল থাকে। পরে ২০১৯ সালে স্থগিতাদেশ প্রত্যাহার করে আদালত।

এর মধ্যে ২০১৬ সালে ১৩ মে এ মামলা বাতিল চেয়ে শামীম এস্কান্দার আবারও আবেদন করলে শুনানি শেষে তা খারিজ করে দেন হাইকোর্ট। তখন ওই আদেশের বিরুদ্ধে আপিলের আবেদন (লিভ টু আপিল) করেন শামীম এস্কান্দার ও তাঁর স্ত্রী।

চলতি বছর ১৭ এপ্রিল আপিল বিভাগ শামীম এস্কান্দারের আবেদনের শুনানির জন্য ২৯ মে দিন ঠিক করে দেন। সেই শুনানি শেষে এখন আদেশের দিন রাখা হলো।

সূত্র : এনটিভি
এম এস, ১২ জুন


Back to top button
🌐 Read in Your Language