পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে পরে আসা ব্যালট আলাদা রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের

ওয়াশিংটন, ৭ নভেম্বর- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে দেরিতে আসা ব্যালট আলাদা করে রাখার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের দিন স্থানীয় সময় রাত ৮টার পর কেন্দ্রে আসা ব্যালট আলাদাভাবে গণনা করতে হবে বলে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারক স্যামুয়েল অ্যাল্টো।
এর আগে পেনসিলভানিয়ায় দেরিতে আসা ভোট গণনা না করার জন্য রিপাবলিকানরা আইনি চ্যালেঞ্জ করলেও তা অনুমোদিত হয়নি। তার বদলে ৩ নভেম্বরের পরে আসা ব্যালটগুলো আলাদা করে গণনা করার নির্দেশ দিয়েছেন আদালত।
পেনসিলভানিয়ায় শুরুতে ট্রাম্প এগিয়ে থাকলেও পোস্টাল ব্যালটের সংখ্যা বাড়তে থাকলে এক পর্যায়ে বাইডেন এগিয়ে যেতে শুরু করেন। বর্তমানে বাইডেন প্রায় ২২ হাজার ভোটে এগিয়ে রয়েছেন, তবে এখনও কোনো প্রার্থীর জয় সুনিশ্চিত নয়।
ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন পেনসিলভানিয়ায় জয় পেলেই প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজনীয় ইলেক্টোরাল ভোট পেয়ে যাবেন বলে মনে করা হচ্ছে।
সূত্র: সমকাল
আর/০৮:১৪/৭ নভেম্বর









