উত্তর আমেরিকা

‘নির্বাচনে হেরে গেলে ট্রাম্প শান্তিপূর্ণভাবেই ক্ষমতা হস্তান্তর’

ওয়াশিংটন, ৭ নভেম্বর- ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে হেরে গেলে শান্তিপূর্ণভাবেই ক্ষমতা হস্তান্তর হবে বলে মনে করেন হোয়াইট হাউজের অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি কাডলো।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম দা হিল জানিয়েছে, শুক্রবার কাডলো এই আভাস দিয়েছেন। ২০টি ইলেকটোরাল ভোটের গুরুত্বপূর্ণ রাজ্য পেনসিলভেইনিয়ায় রিপাবলিকান ট্রাম্পকে পেছনে ফেলে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন এগিয়ে যাওয়ার পরপরই তিনি এ অভিমত ব্যক্ত করেন।

ট্রাম্পের উপদেষ্টা কাডলো বলেন, এটি (যুক্তরাষ্ট্র) বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ। আমরা আইনের শাসন মেনে চলি। আর তাই প্রেসিডেন্টও তা মানবেন।

এখনো কিছু জিনিস পরিষ্কার হওয়া বাকি আছে উল্লেখ করে কাডলো বলেন, এ ব্যাপারে আমি বিশেষজ্ঞ নই। আমি এটি প্রচারশিবিরের ওপরই ছেড়ে দিচ্ছি।

তিনি বলেন, তবে আমরা শান্তিপূর্ণভাবেই চলব, যে রকম আমরা সবসময়ই করি। আর আমি এটাও বলব, গোটা বিশ্বে যিনিই আমাদের দেখুন, তারই একথা জানা উচিত।

উল্লেখ্য, জো বাইডেন পেনসিলভেইনিয়ায় জয়ী হতে পারলেই তার ইলোকটোরাল ভোট হয়ে যাবে ২৭৩, অর্থাৎ, তিনি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে পৌঁছে যাবেন হোয়াইট হাউজে।

সর্বশেষ হিসাব অনুযায়ী, ট্রাম্প জিতেছেন ২১৪টি ইলেকটোরাল কলেজ ভোট, অন্যদিকে বাইডেনের এ সংখ্যা ২৬৪। জর্জিয়ায় জিতলে তিনি অনায়াসে ২৭০-এর ‘ম্যাজিক ফিগার’ ছাড়িয়ে যাবেন। সেক্ষেত্রে তাকে আর পেনসিলভানিয়া, নেভাডা, নর্থ ক্যারোলাইনা ও আলাস্কার ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে না।

সূত্র: কালের কন্ঠ

আর/০৮:১৪/৭ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language