বলিউড

শুটিং করবেন না প্রভাস!

হায়দ্রাবাদ, ০৫ এপ্রিল – শুটিং থেকে সাময়িক বিরতি নিচ্ছেন জনপ্রিয় অভিনেতা প্রভাস।

ভারতীয় সংবাদমাধ্যম সূ্ত্রে জানা গেছে, ‘বাহুবলি’ সিনেমাখ্যাত এই অভিনেতার হাঁটুতে অস্ত্রোপচার করাতে হবে। ‘রাধে শ্যাম’ সিনেমার প্রচার শেষে সম্প্রতি তিনি সার্জারির জন্য বিদেশ গেছেন। সুস্থ হতে তার কমপক্ষে তিন মাস লাগবে। এই সময় শুটিং করতে পারবেন না প্রভাস।

জানা গেছে, প্রভাসের এই অস্ত্রোপচার খুব একটা ‘জটিল’ নয়। ‘সাহো’ সিনেমার শুটিংয়ের সময় চোটটি পেয়েছিলেন। সেই সময় চিকিৎসক তাকে অস্ত্রোপচার করার পারমর্শ দেন। কিন্তু সিনেমার শুটিং, পরবর্তী সময়ে করোনা মহামারি সব মিলিয়ে সময় করতে পারেননি প্রভাস। এখন তিনি অস্ত্রোপচার করাচ্ছেন।

এদিকে বর্তমানে প্রভাসের ঝুলিতে বেশ কয়েকটি প্রজেক্ট রয়েছে। এর মধ্যে ‘কেজিএফ’ সিনেমাখ্যাত পরিচালক প্রশান্ত নীলের সঙ্গে ‘সালার’ ও অশ্বিনি দত্তের ‘প্রজেক্ট কে’ সিনেমার শুটিং শুরু করেছিলেন এই অভিনেতা। অস্ত্রোপচারের কারণে আপাতত সিনেমা দু’টির শুটিং করতে পারবেন না তিনি। তবে ইতোমধ্যে তার পরবর্তী সিনেমা ‘আদিপুরুষ’-এর শুটিং শেষ করেছেন এই অভিনেতা।

এম এস, ০৫ এপ্রিল

Back to top button
🌐 Read in Your Language