জাতীয়

পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেওয়া নিয়ে সংসদে স্পিকার ও নাহিদ ইসলামের তর্কবিতর্ক

স্পিকার ও নাহিদ ইসলামের তর্কবিতর্ক

ঢাকা,১২ নভেম্বর-জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেওয়া নিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের ‘তর্কবিতর্ক’ হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংসদের বৈঠকের শুরুতে এ ঘটনা ঘটে।

এদিন অধিবেশনের কার্যসূচিতে প্রথমেই ছিল প্রশ্নোত্তর পর্ব। তবে পবিত্র কোরআন তিলাওয়াতের পর বৈঠকের শুরুতেই পয়েন্ট অব অর্ডারে দাঁড়ান বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এ সময় তিনি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়ার বিষয়টি তুলে ধরতে চান।

তখন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এটা আমরা আলোচনা করব। প্রশ্নোত্তরটা শেষ হোক, তারপর আপনি দাঁড়াবেন।’

জবাবে নাহিদ বলেন, ‘না, মাননীয় স্পিকার। প্রশ্নোত্তর দিয়ে আমি কী করব?’

তখন স্পিকার বলেন, ‘এই আধা ঘণ্টায় কি কেয়ামত হয়ে যাবে নাকি? এই আধা ঘণ্টা অপেক্ষা করার অসুবিধা কী? আমরা একটা প্রসিডিউরের মধ্যে আছি। আপনার বলার হয়তো… স্বরাষ্ট্রমন্ত্রীও এখানে নাই, যিনি জবাব দেবেন।’

জবাবে নাহিদ ইসলাম বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী কী জবাব দেবেন, এটা তো জানি মাননীয় স্পিকার। আমরা শুধু আমাদের কথাগুলো বলতে চাই। আমরা তো আর জবাব আশা করি না।’

এর জবাবে স্পিকার বলেন, ‘জবাব আশা করেন না, আচ্ছা বলেন…’

তখন নাহিদ বলেন, ‘আমাদের কথা বলতে যদি দেন, তাহলে থাকি। না হলে থাকব না।’

জবাবে স্পিকার বলেন, ‘আপনার মাইক তো অন আছে।’

এরপর নাহিদ ইসলাম বক্তব্য শুরু করেন। তিনি বলেন, গতকাল বুধবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুরে নুসরাত তাবাসসুমের বাড়িতে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ অগ্নিসংযোগের ঘটনায় বাড়িতে থাকা গবাদিপশু আগুনে পুড়ে মারা গেছে।

ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে নাহিদ ইসলাম অভিযোগ করেন, রাত থেকেই তাঁরা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেছেন। তিনি নিজেও কুষ্টিয়ার পুলিশ সুপারের (এসপি) সঙ্গে কথা বলেছেন। অথচ আজ সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মন্তব্য করেছেন, ঘটনাস্থলে পেট্রোল বোমার কোনো আলামত পাওয়া যায়নি। নাহিদ ইসলাম প্রশ্ন তুলে বলেন, যেখানে কোনো ফরেনসিক দলই ঘটনাস্থলে যায়নি এবং কোনো ধরনের ফরেনসিক তদন্তও হয়নি, সেখানে থানার ওসি কীভাবে এটিকে পেট্রোল বোমা নয় বলে ঘোষণা দিলেন, তা তাঁর বোধগম্য নয়।

দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এনসিপির আহ্বায়ক বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি সারা দেশে যে নৈরাজ্য ও নাশকতা শুরু করেছে, তার প্রধান লক্ষ্য কারা, তা এখন স্পষ্ট। এর আগে পরশুদিন মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর হামলা চালানো হলেও ৪৮ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। এ ছাড়া সারা দেশে মুহুর্মুহু পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরেও ককটেল বিস্ফোরণ হচ্ছে।

বক্তব্যের সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যেরও সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ হলেই আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না। আর গতকাল তিনি পরিসংখ্যান দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির ফিরিস্তি দিয়েছেন।

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, সংসদ সদস্য থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। সরকার যদি তাঁদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে তা স্পষ্টভাবে জানিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের মানবাধিকার না থাকলে এবং শত্রুর মানবাধিকার নিয়ে সরকারের বেশি উদ্বেগ থাকলে আমাদের নিজেদের পথ নিজেদেরই দেখে নিতে হবে।’

সরকারকে সতর্ক করে তিনি আরও বলেন, ফ্যাসিবাদী শক্তির প্রথম লক্ষ্য তাঁরা হলেও দ্বিতীয় লক্ষ্য হবেন সরকারে থাকা ব্যক্তিরা। ফ্যাসিস্ট শক্তির নৃশংসতার কথা উল্লেখ করে তিনি জানান, তাঁদের পরিবার আক্রান্ত হলে সরকারের মন্ত্রী-এমপিদের পরিবারও রেহাই পাবে না।

আওয়ামী লীগ ও ফ্যাসিস্ট শক্তির বিচারের প্রশ্নে সরকারের আপসকামী মনোভাবের বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেন নাহিদ ইসলাম।

এস এম/ ১২ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language