দক্ষিণ এশিয়া

চিনকে কড়া বার্তা বিপিন রাওয়াতের

নয়াদিল্লি, ৬ নভেম্বর- চিনকে কড়া বার্তা ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের। ‘প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে ভারতীয় সেনাবাহিনী এক ইঞ্চিও নড়বে না।’ ভারত-চিন অষ্টম দফার সামরিক বৈঠকের আগে এমনই বার্তা বিপিন রাওয়াতের।

ভারত-চিন সীমান্ত সমস্যা এখনও মেটেনি। তারই মাঝে শুক্রবার ফের মুখোমুখি দুই দেশের সেনাকর্তারা। ভারতের তরফে বৈঠকে কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল পিজিকে মেনন। বৈঠকে বিদেশমন্ত্রকের যুগ্ম সচিব নবীন শ্রীবাস্তবও।

পূর্ব লাদাখের প্যাংগং লেকের ধারে দুই দেশের সেনা অবস্থান নিয়েই মূল সমস্যা। ইতিমধ্যেই প্রায় ৫০ হাজার সেনা মোতায়েন করেছে ভারত। বিপুল সংখ্যক সেনা মোতায়েন রেখেছে চিনও। উত্তেজনার পারদ ক্রমশই চড়ছে। কিছুতেই মিলছে না রফাসূত্র। আলোচনার মাধ্যমে সমাধানের খোঁজে দুই দেশ।

বিদেশমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভারত ও চিনের মধ্যে হওয়া বৈঠকের মূল লক্ষ্যই হল সীমান্ত উত্তেজনা কমানো। তবে সেই বৈঠকের আগেই কার্যত বোমা ফাটালেন ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত। চিনকে কড়া বার্তা ভারতের এই শীর্ষ সেনাকর্তার। লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় উত্তেজনা কমাতে এর আগেও একাধিক বৈঠকে মিলিত হয়েছিল দুই দেশ।

সামরিকস্তরে দফায়-দপায় আলোচনা চালানোর পাশাপাশি একাধিকবার কূটনৈতিকস্তরেও বেজিঙের সঙ্গে কথা বলেছে দিল্লি। তবে কোনও বৈঠকেই সমাধানসূত্র মেলেনি।

তাই শুক্রবারের বৈঠক নিয়ে নতুন করে আগ্রহ দু’পক্ষেরই। সীমান্ত দ্বন্দ্ব মেটাতে আলোচনাকেই প্রাধান্য দিতে চায় কেন্দ্রীয় সরকার। তবে চিনের তরফে সদ্বিচ্ছার অভাব থাকায় বারবার আলোচনাতেও রফা মেলেনি। তাই এদিনের বৈঠকে বাড়তি নজর প্রত্যেকের।

সূত্র: কলকাতা২৪x৭

আর/০৮:১৪/৬ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language