ঢাকা

৩২৭ স্থাপনায় এডিসের লার্ভা, ৭ লাখ টাকা জরিমানা

ঢাকা, ৫ নভেম্বর- এডিস মশা নিয়ন্ত্রণের মাধ্যমে নগরবাসীকে ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগ থেকে সুরক্ষা দিতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান (চিরুনি অভিযান) গত ২ নভেম্বর থেকে চলছে।

বৃহস্পতিবার ৪র্থ দিনের মত ডিএনসিসির সকল ওয়ার্ডে (৫৪টি) একযোগে এই চিরুনি অভিযান পরিচালিত হচ্ছে। গত তিন দিনের অভিযানে ৪০ হাজার ৫৯৪ বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে ৩২৭টিতে এডিসের লার্ভা পাওয়া গেছে। অভিযানে মোট ৭ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানের বিষয়ে ডিএনসিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা এএসএম মামুন জানান, গত ২ নভেম্বর অভিযানের প্রথম দিনে ১৩ হাজার ৮২৫টি বাড়ি, স্থাপনা পরিদর্শন করে ৯৪টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এছাড়া ৮ হাজার ৭১৩টি বাড়ি ও স্থাপনায় জমে থাকা পানি ফেলে দিয়ে সেখানে মশার কীটনাশক প্রয়োগ করা হয়। এছাড়া এডিসের লার্ভা পাওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে ১৬টি মামলায় ২ লাখ ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানের দ্বিতীয় দিনে ১৩ হাজার ১৬২টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে ৯৫টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এছাড়া ৭ হাজার ৯৪০টি বাড়ি ও স্থাপনায় জমে থাকা পানি পাওয়ায় সেখানে মশার কীটনাশক প্রয়োগ করে জমে থাকা পানি ফেলে দেয়া হয়। এডিসের লার্ভা পাওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে ১২টি মামলায় ১ লাখ ৫৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানের তৃতীয় দিন ১৩ হাজার ৬০৭টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে ১৩৮টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এছাড়া ৭ হাজার ৫৮৭টি বাড়ি ও স্থাপনায় জমে থাকা পানি ফেলে দিয়ে সেখানে মশার কীটনাশক প্রয়োগ করা হয়। এছাড়া এডিসের লার্ভা পাওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে ১৮টি মামলায় ২ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ডিএনসিসি সূত্রে জানা গেছে, এর আগে পরিচালিত অভিযানের মতো এই চিরুনি অভিযান পরিচালনার উদ্দেশ্যে প্রতিটি ওয়ার্ডকে ১০টি সেক্টরে ভাগ করা হয়েছে। আবার প্রতিটি সেক্টরকে ১০টি সাব-সেক্টরে ভাগ করা হয়। প্রতিদিন প্রতিটি ওয়ার্ডের ১টি সেক্টরে, অর্থাৎ ১০টি সাব-সেক্টরে চিরুনি অভিযান পরিচালনা করা হচ্ছে।

এভাবে ১০ দিনে সমগ্র ডিএনসিসিতে চিরুনি অভিযান সম্পন্ন করা হবে। প্রতিটি সাব-সেক্টরে ডিএনসিসির ৪ জন পরিচ্ছন্নতাকর্মী ও ১ জন মশক নিধনকর্মী, অর্থাৎ প্রতিটি ওয়ার্ডে প্রতিদিন ৪০ জন পরিচ্ছন্নতাকর্মী এবং ১০ জন মশককর্মী ডিএনসিসির আওতাধীন বিভিন্ন বাড়ি, স্থাপনা ও প্রতিষ্ঠানে গিয়ে কোথাও এডিস মশার লার্ভা আছে কিনা, কিংবা কোথাও ৩ দিনের বেশি পানি জমে আছে কিনা, কিংবা ময়লা-আবর্জনা আছে কিনা, যা এডিস মশার বংশবিস্তারে সহায়ক, তা পরীক্ষা করছে।

উল্লেখ্য, চলতি বছরে চিরুনি অভিযানের মাধ্যমে এ পর্যন্ত ৪ লাখ ৫ হাজার ৫৫০টি বাড়ি, স্থাপনা ইত্যাদি পরিদর্শন করে ২ হাজার ৬৮৬টিতে এডিসের লার্ভা পাওয়া যায়। এডিসের লার্ভা পাওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে এ পর্যন্ত ৫৮ লাখ ১৬ হাজার ৮১০ টাকা জরিমানা করা হয়।

সূত্র: জাগোনিউজ

আর/০৮:১৪/৫ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language