ছাত্রীকে গণধর্ষণ, বিচার দাবিতে দিনভর উত্তাল বশেমুরবিপ্রবি

গোপালগঞ্জ, ২৫ ফেব্রুয়ারি – শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে উত্তাল গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)। আন্দোলনরত উপাচার্য, শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা চার দফা দাবি উত্থাপন করেন।
শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে হাজার হাজার শিক্ষার্থীর উপস্থিতিতে এই সংবাদ সম্মেলন করা হয়।
গত বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের এক মেয়ে শিক্ষার্থী বন্ধুর সঙ্গে হেঁটে মেসে ফেরার পথে ৭-৮ জন মিলে তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে জানা গেছে। ওই রাতেই পুলিশ সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার সকালে সব অভিযুক্তকে চিহ্নিত করে শাস্তির দাবিতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন সাধারণ শিক্ষার্থীরা। বিকেলে গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা আক্তার, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন। পরে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর স্থানীয়রা হামলা চালায়। এতে আহত হন বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী।
এছাড়াও, এই হামলায় আহত হয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব ও প্রক্টর ড. মো. রাজিউর রহমান সহ অন্যান্য শিক্ষক। ভাঙচুর করা হয় উপাচার্য ও প্রক্টরের গাড়ি।
এ ঘটনার প্রতিবাদে শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা ৪ দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো-
১. অভিযুক্তদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার, শনাক্ত করে নাম প্রকাশ করে অতিদ্রুত সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড/ফাঁসি কার্যকর করতে হবে।
২. অভিযুক্তদের বিচারের দাবিতে আন্দোলনরত শিক্ষক, শিক্ষার্থী ও ভিসির ওপর ন্যাক্কারজনক হামলায় হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে।
৩. ধর্ষণের ঘটনায় আন্দোলনরত শিক্ষক, শিক্ষার্থী ও ভিসিকে শিবির বলে হামলায় স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন এবং রাজনৈতিক ব্যক্তিদের অবস্থান সম্পর্কে প্রধানমন্ত্রীকে সরাসরি/ভিডিও কনফারেন্সে অবগত করতে হবে।
৪. ক্যাম্পাসে শতভাগ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
এ ঘটনায় বিচার না পেলে একযোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পদত্যাগ ও শিক্ষার্থীরা পড়াশোনা থেকে ইস্তফা দিয়ে চলেন যাবেন বলে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান।
সূত্র: সমকাল
এম ইউ/২৫ ফেব্রুয়ারি ২০২২







