নারায়নগঞ্জ

প্রধানমন্ত্রীকে ‘তুচ্ছ জ্ঞান’ করে বক্তব্য দেওয়া চেয়ারম্যানকে আ. লীগ থেকে অব্যাহতি

নারায়ণগঞ্জ, ১৯ ফেব্রুয়ারি – প্রধানমন্ত্রীকে ‘তুচ্ছ জ্ঞান’ করে বক্তব্যে দেওয়ার জেরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুলকে দল থেকে অব্যাহতি দিয়েছে উপজেলা আওয়ামী লীগ।

আজ শনিবার বিকেলে স্থানীয় রয়েল রিসোর্টে জরুরি সভা শেষে সংবাদ সম্মেলন করে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি এ কথা জানায়। এর আগে একই কারণে গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগও তাকে অব্যাহতি দিয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি রাতে একটি ধর্মীয় অনুষ্ঠানে বক্তব্যে চেয়ারম্যান বাবুল বলেন, ‘ক্ষমতা আমাকে দিয়েছে বারদীর ম্যাজিস্ট্রেট। প্রধানমন্ত্রী বারদী আসলেও আমার হুকুম লাগবে।’ তার বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সমালোচনা শুরু হয়।

সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের নেতারা এক যৌথ বিবৃতিতে বলেন, বারদী ইউপি চেয়ারম্যান বাবুল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে যে বক্তব্য দিয়েছেন তা ক্ষমার অযোগ্য। তার অরাজনৈতিক মনগড়া ও ব্যক্তিগত বক্তব্য নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

তারা আরও বলেন, প্রধানমন্ত্রী সম্পর্কে বাবুল অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। এ কারণে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সব সদস্যের মতামতের ভিত্তিতে তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এর আগে গতকাল শুক্রবার বিকেলে স্থানীয় একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে ওই বক্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চান ইউপি চেয়ারম্যান বাবুল।

সূত্র : আমাদের সময়
এন এইচ, ১৯ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language