শিক্ষা

শাবিপ্রবি ভিসিকে দুঃখ প্রকাশ করতে বললেন শিক্ষামন্ত্রী

সিলেট, ১১ ফেব্রুয়ারি – সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে ‘দুঃখ প্রকাশ’ করতে বলেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

শুক্রবার রাতে উপাচার্যের কার্যালয়ে ওই বৈঠক থেকে বের হয়ে কোষাধ্যক্ষ অধ্যাপক আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান।

উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করতে শিক্ষামন্ত্রী শুক্রবার সিলেট আসেন।

বিকালে তিনি সিলেট সার্কিট হাউসে আন্দোলনরত শিক্ষার্থীদের একদল প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন। সেখান থেকে বেরিয়ে ক্যাম্পাসে উপাচার্যের সঙ্গে তার কার্যালয়ে বৈঠকে বসেন।

বৈঠক শেষ অধ্যাপক আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, “আগামী ১৪ ফেব্রুয়ারি আমাদের বিশ্ববিদ্যালয় দিবস। আর এ দিবসের আগেই বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য উপাচার্যকে বলেছেন শিক্ষামন্ত্রী।”

কোষাধ্যক্ষ বলেন, “শিক্ষকদের সাথে আলাপকালে শিক্ষামন্ত্রী বলেছেন – ‘এই ঘটনা আপনার নির্দেশে ঘটুক, আর না ঘটুক, বিশ্ববিদ্যালয়ের প্রধান হিসেবে এর দায় দায়িত্ব আপনার ওপর এসে পড়ে। সে জায়গায় আমি হলে আমিও দুঃখ প্রকাশ করতাম। আপনি সবার কাছে দুঃখ প্রকাশ করবেন’। উপাচার্য সেটাই করেছেন।”

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/১১ ফেব্রুয়ারি ২০২২

Back to top button
🌐 Read in Your Language