শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির জরুরি নির্দেশনা

ঢাকা, ০৩ ফেব্রুয়ারি – মাল্টিমিডিয়া ও অনলাইন ক্লাস জোরদার এবং গ্রহণ করা ক্লাসগুলো এমএমসি (MMC) ড্যাশবোর্ডে এন্ট্রি নিশ্চিত করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশান উইং) অধ্যাপক মো. আমির হোসেনের সই করা আদেশ থেকে এ তথ্য জানা যায়।

অফিস আদেশে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বিষয়ক সভার সিদ্ধান্ত অনুযায়ী জানানো যাচ্ছে যে, চলমান কোভিড-১৯ পরিস্থিতিতে দেশের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের (সরকারি ও বেসরকারি) শ্রেণি কার্যক্রম অনলাইনে সম্পন্ন করার নির্দেশনা রয়েছে। ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকেও পরিপত্র জারি করা হয়েছে। উল্লিখিত নির্দেশনা মোতাবেক যথাযথভাবে শ্রেণি কার্যক্রম অনলাইনে সম্পন্ন করতে হবে এবং অনলাইনে গৃহীত মাল্টিমিডিয়া ক্লাসের তথ্য যথাযথভাবে ড্যাশবোর্ডে এন্ট্রি নিশ্চিত করতে হবে।

আরও বলা হয়, মাল্টিমিডিয়া ক্লাসের পাশাপাশি মাল্টিমিডিয়া ব্যবহার করে কনটেন্ট তৈরির মাধ্যমে যে ক্লাসগুলো অনলাইনে শিক্ষকরা নিচ্ছেন তার তথ্য এমএমসি অ্যাপের মাধ্যমে (http://mmcm.gov.bd) ড্যাশবোর্ডে এন্ট্রি নিশ্চিত করতে অনুরোধ করা হলো।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/০৩ ফেব্রুয়ারি ২০২২


Back to top button
🌐 Read in Your Language