টলিউড

ছেলে ঈশান কার ধর্ম পালন করবে, মুখ খুললেন নুসরাত

কলকাতা, ০৩ ফেব্রুয়ারী – প্রেম, বিয়ে, বিচ্ছেদ, মা হওয়া-সবকিছু নিয়ে সবসময় আলোচনায় টালিউডের অভিনেত্রী ও ভারতীয় এমপি নুসরাত জাহান। আরও একবার খবরের শিরোনামে তিনি। এবার যশের সঙ্গে তার সম্পর্ক এবং ছেলে ঈশান জে দাশগুপ্তকে নিয়ে মুখ খুলেছেন নুসরাত। সম্প্রতি ভারতের এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এসব বিষয় নিয়ে মন খুলে কথা বলেছেন অভিনেত্রী।

যশ দাশগুপ্তকে বিয়ে করা নিয়ে এক প্রশ্নের উত্তরে নুসরাত বলেছেন, ‘আমার আর যশের আবার বিয়ে করার প্রয়োজন নেই। একবার বিয়ে হলে আবার করার প্রয়োজন আছে কি?’ এই বাক্যের মাধ্যমে অভিনেত্রী বুঝিয়ে দিয়েছেন যশের সঙ্গে গাঁটছড়া বাঁধার কাজ আগেই সেরে নিয়েছেন তিনি।

সন্তান ঈশানকে কোন ধর্ম পালন করাতে চান তারা? এর উত্তরে নুসরাত বলেন, ‘একজন ভালো মানুষ হিসেবে বড় করে তুলতে চাই ঈশানকে। আমি মুসলিম, যশ হিন্দু, আমাদের সন্তান ঈশান হবে ধর্মনিরপেক্ষ ভারতের প্রতীক।’

নুসরাত আরও জানান, দুই ধর্মকেই চিনবে তাদের ছেলে। যশরতের সংসারে তাই ঠিক যেভাবে দীপাবলি, দুর্গাপূজো পালন করা হয়। তেমন ভাবেই উদ্‌যাপিত হয় ঈদ এবং বড়দিন। ঈশানের সামনে ধর্ম নিরপেক্ষতার উদাহরণ এভাবেই তৈরি করতে থাকবেন তার বাবা এবং মা।

উল্লেখ্য, গত ২৬ আগস্ট দুপুর ১২টা ৪৫ মিনিটে ছেলের জন্ম দিয়েছিলেন নুসরাত। যদিও একরত্তির ছবি প্রকাশ করেননি তার মা। কিন্তু বিভিন্ন সাক্ষাৎকারে ছেলের গল্প করতে তিনি খুবই ভালোবাসেন। কীভাবে ছেলের সঙ্গে তিনি এবং যশ সময় কাটান, কীভাবে বড় হয়ে উঠছে সে, এসব বর্ণনা করতে বড়ই ভালোবাসেন নুসরাত।

এন এ/ ০৩ ফেব্রুয়ারী


Back to top button
🌐 Read in Your Language