ফুটবল

পিএসজির সঙ্গে আরও পাঁচ বছরের চুক্তি করতে চান নেইমার!

ঢাকা, ০১ নভেম্বর- ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তরুণ তারকা কিলিয়ান এমবাপ্পে এবং বিশ্বের অন্যতম সেরা ফরোয়ার্ড নেইমারের জুটিটা দীর্ঘ করতে চায় প্যারিস সেন্ট জার্মেইন। কিন্তু কিলিয়ান এমবাপ্পে জানিয়ে দিয়েছেন, তিনি আর ফ্রান্স লিগে থাকতে চান না। পিএসজির নতুন চুক্তির প্রস্তাব তিনি তাই ফিরিয়ে দিয়েছেন।

তবে ব্রাজিলিয়ান তারকা নেইমার দ্য সিলভা জুনিয়র পিএসজিতে নতুন চুক্তির বিষয়ে আগ্রহী। স্প্যানিশ সংবাদ মাধ্যম ফুট মারকাতো এমনই খবর দিয়েছে। লিগ ওয়ান চ্যাম্পিয়নদের সঙ্গে আরও দুই মৌসুমের চু্ক্তি আছে সাবেক বার্সেলোনা তারকা নেইমারের। সঙ্গে আরও পাঁচ বছরের চুক্তি করতে চান তিনি। সব মিলিয়ে প্যারিসে থাকতে চান ২০২৭ সাল পর্যন্ত।

গত মৌসুমের শুরুতে নেইমার পিএসজি ছাড়তে মুখিয়ে ছিলেন। প্যারিসে তার অসুখী থাকার কথা প্রকাশ্যেই বলেছিলেন তিনি। বার্সেলোনা তাকে দলে ভেড়াতে আগ্রহী ছিল। কিন্তু দাম নিয়ে দুই পক্ষের বনিবনা হয়নি। মনে করা হয়েছিল, চলতি মৌসুমের শুরুতে কাতালান শিবিরে মেসির সঙ্গে আবার জুটি গড়বেন নেইমার। কিন্তু করোনা সংকট সব উল্টে-পাল্টে দিয়েছে।

বার্সার হাতে ১০০ মিলিয়নের লওতারো মার্টিনেজ তো দূরে থাক ২৬ মিলিয়নের মেম্পিস ডিপেকে কেনার পয়সা নেই। ২০০ মিলয়নের নেইমার সেখানে স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে কাতালানদের জন্য। সব বুঝেই নেইমার সম্ভবত পিএসজির সঙ্গে নতুন চুক্তির কথা ভাবছেন। নেইমারের মতো এমবাপ্পেরও পিএসজির সঙ্গে চুক্তি আছে ২০২২ মৌসুম পর্যন্ত। তবে আগামী মৌসুমেই প্যারিস ছাড়তে চান এমবাপ্পে। তাকে দলে নিতে এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ এবং লিভারপুল।

সূত্র : সমকাল
এন এইচ, ০১ নভেম্বর


Back to top button