দক্ষিণ এশিয়া

ভারতে একদিনে করোনা আক্রান্ত ৯০ হাজার ছাড়িয়েছে

নয়াদিল্লী, ০৬ জানুয়ারি – ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ৯২৮ জন। যা গত ২৪ ঘণ্টার তুলনা বহুগুণ বেশি। এর মধ্যে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৬৩০ জন। এ সময়ের মধ্যে দেশটিতে মৃত্যু হয়েছে ৩২৫ জনের।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

খবরে বলা হয়, এদিন সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে ২৬ হাজার ৫৩৮। এর পর রয়েছে পশ্চিমবঙ্গ। সে রাজ্যে আক্রান্ত হয়েছে ১৪ হাজার ২২ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ওমিক্রনেও সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রে ৭৯৭ জন। এর পর দিল্লিতে আক্রান্ত হয়েছেন ৪৬৫ জন।

ইতোমধ্যে দেশের ২৬ রাজ্যে ছড়িয়ে পড়েছে ওমিক্রন। এ ছাড়া রাজস্থানে করোনার নতুন এ ধরনে আক্রান্ত হয়ে ৭৩ বছর বয়সি এক বৃদ্ধ মারা গেছেন। করোনার নতুন ধরনে ভারতে তিনিই প্রথম মারা গেলেন।

সরকারের পক্ষ থেকে জানানো হয়, তিনি টিকা নিয়েছিলেন এবং সম্প্রতি ভ্রমণের কোনো ইতিহাস নেই।

এর আগে গতকাল দেশটিতে করোনাক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিল ৫৮ হাজার ৯৭ জন।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থ হয়েছেন ১৯ হাজার ২০৬ জন। বর্তমানে দেশটিতে সুস্থতার হার ৯৭.৮১ শতাংশ। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ কোটি ৪৩ লাখ ৪১ হাজার ৯ জন। বর্তমানে করোনাক্রান্ত হয়ে চিকিৎসাধীন ২ লাখ ৮৫ হাজার ৪০১ জন।

এ পর্যন্ত ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিন কোটি ৫১ লাখ ৯ হাজার মানুষ। এ সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৪ লাখ ৮২ হাজার ৮৭৬ জনের।

সূত্র : সমকাল
এন এইচ, ০৬ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language