ঢালিউড

ফের জুটি বাঁধছেন বাপ্পি-মিতু

ঢাকা, ১৩ ডিসেম্বর – চলতি বছর ফেব্রুয়ারিতে ‘যন্ত্রণা’ নামের সিনেমায় প্রথম জুটি বাঁধেন বাপ্পি চৌধুরী ও জাহারা মিতু। শুটিং শুরু করেছিলেন মুন্সীগঞ্জে। এর কিছুদিন পর শুরু হয় লকডাউন; সেটা শেষ হওয়ার পরপরই সেপ্টেম্বরে মাঝামাঝিতে কাজী হায়াতের ‘জয় বাংলা’ শিরোনামের আরও একটি সিনেমায় জুটিবদ্ধ হন তারা। এর দু’মাস না পেরোতেই নতুন খবর দিলেন বাপ্পি।

এই নায়ক জানালেন, আবারও তারা জুটি হিসেবে আসছেন। নতুন ছবির নাম ‘কুস্তিগীর’। এটি পরিচালনা করবেন শাহীন সুমন। এর মাধ্যমে আট বছর পর এই নির্মাতার সিনেমায় যুক্ত হলেন তিনি।

এর আগে ২০১২ সালে শাহীন সুমন পরিচালিত ‘ভালোবাসার রঙ’ সিনেমা দিয়েই পর্দায় অভিষেক ঘটে বাপ্পির।

বাপ্পি চৌধুরী বলেন, ‘শাহীন সুমন ভাইয়ের ছবি দিয়ে আমার চলচ্চিত্র ক্যারিয়ার শুরু। তিনি গুণী একজন নির্মাতা। আমরা জুটি হয়ে পরপর তিনটি ছবিতে কাজ করি। মাঝে বিভিন্ন কারণে আমাদের একসঙ্গে কাজ করা হয়নি। আবারও তার সঙ্গে কাজ করতে পারছি- এটা আমার জন্য বিশেষ কিছু। শাহীন ভাই আমার জন্য সবসময়ই লাকি চ্যাম্প। আশা করি, এবারও ভালো কিছু হবে।’

এদিকে, গতকাল শনিবার সিনেমাটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন জাহারা মিতু। তবে বাপ্পি আমেরিকায় থাকায় আপাতত চুক্তি স্বাক্ষর হয়নি। আর নতুন সিনেমা ‘কুস্তিগীর’র শুটিং আগামী ২২ ডিসেম্বর থেকে শুরু হবে বলে জানা গেছে।

এন এইচ, ১৩ ডিসেম্বর


Back to top button
🌐 Read in Your Language