জাতীয়

এবার বাড়ল পানির দাম

চট্টগ্রাম, ০৪ নভেম্বর – আবাসিক-অনাবাসিক খাতে পানির দাম পাঁচ শতাংশ হারে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ। ২০২২ সালের প্রথম দিন থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এ নিয়ে ধারাবাহিক তিন অর্থবছরে তিনবার পানির দাম বাড়াল ওয়াসা। ডিজেল, কেরোসিন এবং এলপি গ্যাসের পর দাম বাড়ল পানিতে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) চট্টগ্রাম ওয়াসার বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ।

নতুন দর অনুযায়ী, আবাসিক খাতে প্রতি হাজার লিটার পানির দাম হবে ১৩ টাকা দুই পয়সা এবং অনাবাসিক খাতে ৩১ টাকা ৮২ পয়সা।

বর্তমানে চট্টগ্রাম ওয়াসার বিলযোগ্য মোট সংযোগ সংখ্যা ৭৭ হাজার ২৬৫। এর মধ্যে আবাসিক সংযোগ ৭১ হাজার ৯৯টি এবং অনাবাসিক খাতে পাঁচ হাজার ২৭৩। বর্তমান সংযোগের মধ্যে পানির ব্যবহার আবাসিক খাতে ৯৩ শতাংশ এবং অনাবাসিক খাতে ৭ শতাংশ।

এর আগে, ২০২০ সালের ১ মার্চ সর্বশেষ চট্টগ্রাম ওয়াসা আবাসিক ও অনাবাসিক খাতে পাঁচ শতাংশ হারে পানির দর বাড়িয়েছিল। সে হিসেবে বর্তমানে আবাসিক খাতে ও অনাবাসিক খাতে প্রতি হাজার লিটারে পানির দর যথাক্রমে ১২ টাকা ৪০ পয়সা ও ৩০ টাকা ৩০ পয়সা।

পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন আইন ১৯৯৬ এর ২২ (২) ধারা অনুযায়ী, প্রতি অর্থবছরে চট্টগ্রাম ওয়াসা বোর্ড কর্তৃপক্ষ মুদ্রাস্ফীতির কারণে পাঁচ শতাংশ হারে পানির দাম সমন্বয় করতে পারে।

সূত্র : আরটিভি
এম এস, ০৪ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language