কক্সবাজার
কক্সবাজারে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

কক্সবাজার, ১৯ অক্টোবর – কক্সবাজারের মহেশখালীতে দুর্বৃত্তের গুলিতে মো. রুহুল কাদের (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গুলিবিদ্ধের পর হাসপাতাল নেয়ার পথে তার মৃত্যু হয়।
সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হাই।
নিহত মো. রুহুল কাদের কালারমারছড়া আন্ধারঘোনা এলাকার মোহাম্মদের ছেলে এবং কালারমারছড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. আব্বাসের ছোট ভাই।
ওসি আবদুল হাই জানান, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি পক্ষ তাকে হত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। সোমবার রাত সাড়ে ১০ টার দিকে এই ঘটনা ঘটে।’
এ ব্যাপারে মহেশখালী-কুতুবদিয়া সার্কেল সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলামের নেতৃত্বে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। তারা ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/১৯ অক্টোবর ২০২১









