ই-অরেঞ্জসহ ৪ প্রতিষ্ঠানের সদস্যপদ স্থগিত

ঢাকা, ২৬ আগস্ট – ই-অরেঞ্জসহ চারটি প্রতিষ্ঠানের সদস্যপদ স্থগিত করেছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। বৃহস্পতিবার সংগঠনটি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো, ইঅরেঞ্জ, গ্রিনবাংলা ই-কমার্স লিমিটেড, এক্সিলেন্ট ওয়ার্ল্ড অ্যাগ্রো ফুড অ্যান্ড কনজ্যুমার লিমিটেড ও টুয়েন্টিফোর টিকেটি ডট কম।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোক্তা ও বিক্রেতাদের অভিযোগের ভিত্তিতে ই-ক্যাব ১৬টি প্রতিষ্ঠানকে দর্শানোর নোটিশ দেয়। এর মধ্যে অভিযোগের বিষয়ে জবাব না দেওয়া এবং সন্তোষজনক জবাব না দেওয়ার কারণে ৪টি প্রতিষ্ঠানের সদস্যপদ স্থগিত করা হয়েছে।
এই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে সেগুলো হলো, অর্থ আত্মসাৎ, ক্রেতা ও সরবরাহকারীদের অভিযোগ নিষ্পত্তি না করা, ই-ক্যাবের কারণ দর্শানো ও সতর্কীকরণ চিঠির জবাব না দেওয়া, ই-ক্যাবের পাঠানো অভিযোগের সমাধান না করা, ডিজিটাল কমার্স নির্দেশিকা না মানা ও এমএলএম ব্যবসা পরিচালনা করা।
ই-ক্যাব বলছে,অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯টি প্রতিষ্ঠানের কেউ কেউ তাদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছে। কেউ কেউ অভিযোগ নিষ্পত্তি ও ‘ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা মেনে চলার প্রতিশ্রুতিসহ সময় প্রার্থনা করেছে। তাই ৯টি প্রতিষ্ঠানকে পর্যবেক্ষণে রেখে অধিকতর তদন্ত চলছে। সন্তোষজনক সমাধান না হলে সেসব প্রতিষ্ঠানের বিষয়ে একই ধরনের গৃহীত হতে পারে।
সূত্র: সমকাল
এম ইউ/২৬ আগস্ট ২০২১









