ব্যবসা

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, প্রতি ভরি ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা

ঢাকা, ৪ মে – দেশের বাজারে টানা চার দফা কমার পর পুনরায় বৃদ্ধি পেয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়েছে। বাজুসের ঘোষণা অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।

গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে এবং বর্তমানে সারাদেশের বাজারে এই দরেই স্বর্ণ কেনাবেচা চলছে। নতুন মূল্যতালিকা অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এখন বিক্রি হচ্ছে ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকায়।

এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকায়। এর আগে গত বৃহস্পতিবার সকালেই স্বর্ণের দাম একবার কমানো হয়েছিল যার ফলে চার দফায় মোট ৯ হাজার ৮৫৬ টাকা মূল্য হ্রাস পেয়েছিল।

স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী হলেও রুপার বাজারে কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি। দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা পূর্বের ন্যায় ৫ হাজার ৪৮২ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ১৯০ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৯১ টাকায় কেনাবেচা হচ্ছে। একই সাথে সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।

এস এম/ ৪ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language