এক লাফে ভরিতে বাড়ছে ৪৩৭৪ টাকা, সোনার নতুন দাম ২ লাখ ২৮ হাজার ৫৫৬

ঢাকা, ৩ জুলাই – বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস একদিনের ব্যবধানে আবারও দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। নতুন এই সিদ্ধান্তের ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা বেড়ে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টা থেকে এই নতুন দর কার্যকর হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বাজুস জানায় স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন তালিকা অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের সোনা ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম প্রতি ভরি ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
জুয়েলারি প্রতিষ্ঠানগুলোতে অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট ও মজুরি যুক্ত থাকবে তবে এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে।
এর আগে গত ২ জুলাই সোনার দাম বৃদ্ধি করেছিল বাজুস। চলতি বছর এখন পর্যন্ত মোট ৮৬ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে যার মধ্যে ৪৩ বার দাম বাড়ানো হয়েছে।
সোনার পাশাপাশি রুপার দামও বেড়েছে। ২২ ক্যারেটের রুপার দাম ভরিতে ১১৭ টাকা বেড়ে ৪ হাজার ৮৯৯ টাকা হয়েছে। ২১ ক্যারেট এবং ১৮ ক্যারেটের রুপার নতুন দাম যথাক্রমে ৪ হাজার ৬৬৬ টাকা ও ৪ হাজার ২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
এনএন/ ৩ জুলাই ২০২৬









