দেশের বাজারে বাড়ল রুপার দাম, ভরিতে বেড়েছে ২৯১ টাকা

ঢাকা, ২ জুলাই – দেশের বাজারে স্বর্ণের পাশাপাশি এবার রুপার দামও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মানভেদে প্রতি ভরি রুপার দাম সর্বোচ্চ ২৯১ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। নতুন এই মূল্য আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুসের পক্ষ থেকে জানানো হয়েছে,
স্থানীয় বাজারে তেজাবি বা পিওর রুপার দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন নির্ধারিত দাম অনুযায়ী,
২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) রুপার দাম পড়বে ৪ হাজার ৭৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৫৪৯ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম হবে ২ হাজার ৯৭৪ টাকা।
এর আগে গত ৩০ জুন রুপার দাম কমিয়ে সমন্বয় করেছিল বাজুস। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৪ হাজার ৪৯১ টাকা নির্ধারণ করা হয়েছিল। চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে রুপার দাম মোট ৫২ বার সমন্বয় করা হলো।
এস এম/ ২ জুলাই ২০২৬









