এশিয়া

কানাডার নাগরিকের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখলেন চীনের আদালত

বেইজিং, ১১ আগস্ট – মাদকদ্রব্য চোরাচালানের অভিযোগে কানাডার এক নাগরিকের বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের আদেশ বহাল রেখেছেন চীনের একটি আদালত।

কানাডার নাগরিক রবার্ট লয়েড শেলেনবার্গকে ২০১৪ সালে আটক করা হয় এবং মামলার তদন্ত ও শুনানি শেষে ২০১৮ সালে তাকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। খবর বিবিসির।

তবে দালিয়ান শহরের একটি আদালত এ রায়ের সমালোচনা করে ২০১৯ সালে কানাডার ওই নাগরিককে মৃত্যুদণ্ডাদেশ দেন। সেই সময় দালিয়ান শহরের আদালত বলেছিল যে, তার বিরুদ্ধে দেওয়া দণ্ডাদেশ খুবই ‘দয়ালু একটি রায়’।

দালিয়ান আদালতের রায়ের বিরুদ্ধে শেলেনবার্গ আপিল করেন এবং নতুন করে মামলার বিচারের আবেদন জানান। কিন্তু দালিয়ানের আদালত মঙ্গলবার কানাডীয় নাগরিকের আবেদন নাকচ করে দেন।

আদালত বলেছেন, আগের বিচারে শেলেনবার্গের মামলার ব্যাপারে যেসব তথ্যপ্রমাণ তুলে ধরা হয়েছিল তা ছিল পর্যাপ্ত ও নির্ভরযোগ্য। ফলে তার বিরুদ্ধে যে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে তা সঠিক। বরং নতুন করে মামলার রায় দেওয়ার জন্য যে আবেদন জানানো হয়েছে সেটি অবৈধ।

আইনজীবীরা বলেন, শেলেনবার্গ হচ্ছেন আন্তর্জাতিক মাদক চোরাচালানি সিন্ডিকেটের একজন মূল হোতা। তারা আরও বলেন, তিনি ২০১৪ সালে ২০০ কেজি মেথামফেটামিন অস্ট্রেলিয়ায় চোরাচালানের পরিকল্পনা করেছিলেন। তবে শেলেনবার্গ এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করছেন, তিনি চীনে গিয়েছিলেন শুধু একজন পর্যটক হিসেবে।

এদিকে চীনে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত ডোমিনিক বার্টন জোরালো ভাষায় এই রায় প্রত্যাখ্যান করে বলেছেন, রবার্ট শেলেনবার্গকে মুক্তি দিতে হবে।

সূত্র : যুগান্তর
এম এউ, ১১ আগস্ট


Back to top button
🌐 Read in Your Language