ক্রিকেট

অভিষেকে এলিসের হ্যাটট্রিক, ১২৭ রানে থামল বাংলাদেশ

ঢাকা, ০৬ আগস্ট – অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে লড়াকু পুঁজি গড়েছে বাংলাদেশ। মিরপুরের স্লো উইকেটে মাহমুদউল্লাহ রিয়াদের দারুণ অর্ধশতকে ভর করে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করে টাইগাররা। শেষ ওভারে হ্যাটট্রিক করেন অভিষিক্ত পেসার নাথান এলিস। আজ শুক্রবার সন্ধ্যায় বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন স্বাগতিক অধিনায়ক মাহমুদউল্লাহ।

শুরুটা ভালো হয়নি দুই ওপেনার সৌম্য সরকার ও নাঈম শেখের। চলতি সিরিজে বরাবরের মতো আজও দু’জনই দলের প্রয়োজন মেটাতে ব্যর্থ হন। মাত্র তিন রানের মাথায় দুই ওপেনারকে হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। সেখান থেকে টেনে তোলেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। সাকিবকে ফিরিয়ে এই যুগলের ৪৪ রানের জুটি ভাঙেন অ্যাডাম জাম্পা। ২৬ রান করেন সাকিব।

চতুর্থ উইকেটের জুটিতে রিয়াদের সঙ্গে দারুণ পার্টনারশিপ গড়ে তোলেন আফিফ হোসেন ধ্রুব। আশা জাগানো ব্যাট করছিলেন গত ম্যাচে দলকে জেতানো এই ব্যাটসম্যান। কিন্তু দ্রুত রান তুলতে গিয়ে রানআউট হয়ে সাজঘরে ফেরেন আফিফ। ১৩ বলে ১৯ রানের ইনিংস খেলেন তিনি। নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে এসে দাঁড়াতে পারেননি শামীম পাটোয়ারি। ৮ বলে মাত্র তিন করে ফেরেন তিনি।

দলের বিপদের সময় মাঠে এসে আশার আলো জাগান নুরুল হাসান সোহান। কিন্তু আফিফের মতো রানআউটের শিকার হন তিনি। ৫ বলে ১১ রান করে ফেরেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। একপাশে নিয়মিত উইকেট পড়তে থাকলেও অন্যপাশ আগলে রাখেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। শেষের দিকে শেখ মেহেদী হাসানকে নিয়ে ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন রিয়াদ। এরপরই এলিসের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। পরের বলে মুস্তাফিজকে ফেরান তিনি। শেষ বলে মেহেদীকে ফিরিয়ে ক্যারিয়ারের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক গড়েন এই পেসার। নির্ধারিত ওভারে নয় উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ১২৭ রান।

সূত্র : আমাদের সময়
এম এউ, ০৬ আগস্ট


Back to top button
🌐 Read in Your Language