দক্ষিণ এশিয়া

আমির খানের মতো মানুষদের জন্য জনসংখ্যা নিয়ন্ত্রণে নেই: সুধীর গুপ্ত

নয়াদিল্লী, ১৩ জুলাই – দেশে জনসংখ্যা বাড়ার জন্য আমির খানের মতো মানুষদের দায়ী করলেন মধ্যপ্রদেশের মন্দসৌরের বিজেপি সাংসদ সুধীর গুপ্ত। তিনি মনে করেন, জনসংখ্যায় ভারসাম্য বজায় থাকছে না তাদের জন্যই।

বিজেপির এই সাংসদের ভাষায়, পুরো বিষয়টা ভারতীয় দৃষ্টিভঙ্গি থেকে দেখতে হবে। ধরা যাক আমির খান। তার প্রথম স্ত্রী রিনা। তার দুই সন্তান। তারপরের স্ত্রী কিরণ রাও। তার এক সন্তান। এখন কিরণের সঙ্গে বিচ্ছেদ হয়েছে আমিরের। তিনি তৃতীয় স্ত্রীর সন্ধানে আছেন। এমন ঘটনায় ভারত কী বার্তা পাঠাচ্ছে বিশ্বজুড়ে?

এরপরই জন্মনিয়ন্ত্রণের প্রশ্ন এনেছেন তিনি। সুধীর বলেন, এটা খুবই দুর্ভাগ্যজনক। আমির খানের মতো মানুষের এ দেশে জন্মনিয়ন্ত্রণের বিষয়ে একটা ভূমিকা পালন করার আছে।

রোববার ছিল আন্তর্জাতিক জনসংখ্যা দিবস। জন্মনিয়ন্ত্রণে ইতোমধ্যে নতুন আইন আনার কথা বলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আসামেও আইন এসেছে। সেই প্রেক্ষিতে বলতে গিয়েই এই কথা বলেছেন সুধীর।

তিনি বলেন, ভারতের ভৌগোলিক সীমানা একটুও বাড়েনি। বরং জনসংখ্যা ১৪০ কোটি ছুঁয়ে ফেলেছে। এতে কি কাউকে শুভেচ্ছা বা অভিনন্দন জানানো যায়? পাকিস্তান অনেক কম জনসংখ্যা নিয়েও বেশি ভৌগোলিক এলাকা পেয়েছে। ভারত তার তুলনায় অনেক কম জায়গা পেয়েছে।

তথ্যসূত্র: আরটিভি
এস সি/১৩ জুলাই


Back to top button
🌐 Read in Your Language