ক্রিকেট

৪ রানে জিম্বাবুয়ের ৩ উইকেট তুলে নিলো বাংলাদেশ

হারারে, ০৯ জুলাই – স্কোরলাইন ছিলো ২ উইকেটে ২২৫। সেখান থেকে কয়েক মুহুর্তের ব্যবধানে স্কোর দাঁড়ালো ৫ উইকেটে ২২৯। কয়েক ওভারের ব্যবধানে জিম্বাবুয়ের কাছ থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে টাইগাররা।

১ম ইনিংসে বাংলাদেশের করা ৪৬৮ রানের ভালোই জবাব দিচ্ছিলো জিম্বাবুয়ে। তবে সাকিব আল হাসানের জোড়া উইকেট শিকারের পর তাসকিনের আঘাতে আবারো ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে মুমিনুল বাহিনী।

দ্বিতীয় দিনের ১ উইকেটে ১১৪ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাট করতে নামে স্বাগতিকরা। ওপেনার কাইতানোর সঙ্গে দারুণ এক জুটি গড়েন জিম্বাবুইয়ান ক্যাপ্টেন ব্রেন্ডন টেলর। দু’জনে মিলে গড়েন ১১৫ রানের জুটি।

৩য় দিনের প্রথম সাফল্য এনে দেন স্পিনার মেহেদি হাসান মিরাজ। ভয়ংকর হয়ে ওঠা ব্রেন্ডন টেইলরকে ফেরান তিনি।

দিনের শুরু থেকেই তাসকিন-এবাদত-সাকিবদের দিয়ে আক্রমন চালান টাইগার অধিনায়ক মুমিনুল। তবে সাফল্যের দেখা পাচ্ছিলেন না। অবশেষে ব্রেক থ্রু এনে দেন মিরাজ। ক্রমেই সেঞ্চুরির দিকে আগানো টেলরকে তিনি ফেরান বদলি ফিল্ডার ইয়াসির রাব্বির ক্যাচ বানিয়ে। ৮১ রান করে আউট হন টেইলর।

অন্যপ্রান্তে নিজের অভিষেক ম্যাচেই সেঞ্চুরি তুলে নেন ওপেনার কাইতানো। ৪ নম্বরে নামা মেয়ার্সের সঙ্গে গড়েন ৪৯ রানের জুটি। ২৭ রান করা মেয়ার্সকে সাজঘরে পাঠান সাকিব।

এরপর মারুমাকেও এলবিডব্লিউর ফাঁদে ফেলে, রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরত পাঠান সাকিব।

পরের ওভারে আবারো উইকেট হারায় জিম্বাবুয়ে। এবার তাসকিনের আঘাত। রয় কাইয়াকে আউট করেন এই পেসার। ৪ রানের ব্যবধানে ৩ উইকেট তুলে নিয়ে আবারো স্বাগতিকদেরকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে বাংলাদেশ।

সূত্র : ইত্তেফাক
এম এউ, ০৯ জুলাই


Back to top button
🌐 Read in Your Language