শিক্ষা

বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের ভ্যাকসিন রেজিস্ট্রেশন শুরু

ঢাকা, ০১ জুলাই – পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, কোভিড-১৯ ভ্যাকসিন নিতে যেসব আবাসিক শিক্ষার্থীর তালিকা (সঠিক এনআইডি নম্বরসহ) বিশ্ববিদ্যালয় হতে MIS DGHS এ পাঠানো হয়েছিলো সেসব শিক্ষার্থীরা সুরক্ষা ওয়েবসাইটে প্রবেশ করে নিবন্ধন করতে পারবেন।

বর্তমানে দেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে মোট ২২০টি আবাসিক হলে শিক্ষার্থীর সংখ্যা প্রায় এক লাখ ৩০ হাজার। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেকের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় তাদের এনআইডি নেই। ফলে টিকা নিবন্ধের জটিলতায় পড়েছেন তারা।

এ বিষয়ে একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র আছে শুধুমাত্র তারাই রেজিস্ট্রেশন ও টিকা নিতে পারবেন। তাহলে যাদের এনআইডি নেই তারা কীভাবে টিকা নিবো এ বিষয়ে কোন নির্দেশনা দেওয়া হয়নি।

এই বিষয়ে ইউজিসি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. ফজলুর রহমান বলেন, এখন পর্যন্ত যে সিদ্ধান্ত হয়েছে যেসব শিক্ষার্থীর এনআইডি নম্বর বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো হয়েছে তারাই শুধু টিকা নিতে পারবেন। এর বাইরে আমার কোন কিছু বলার এখতিয়ার নেই।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ০১ জুলাই


Back to top button
🌐 Read in Your Language