দ্রুততম সেঞ্চুরিতে তামিমকে ছাড়িয়ে হাসানুজ্জামান

ঢাকা, ২১ জুন – সেঞ্চুরি তুলে নিতে খুব কষ্ট হলো না পারটেক্সের হাসানুজ্জামানের। উদযাপনটাও করলেন নিজের মতো করে। তবে হাসানুজ্জামান কি এই মুহূর্তে জেনেছিলেন, তিনি সেঞ্চুরি করে পেছনে ফেলেছেন তামিম ইকবালকে? তিনি এখন টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরিয়ান।
দ্রুততম সেঞ্চুরিয়ান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের সদস্য পারভেজ হোসেন। গত বছর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে ফরচুন বরিশালের হয়ে মাত্র ৪২ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। এর আগপর্যন্ত টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা ছিল তামিমের। ২০১৯ সালে বিপিএল ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে তিনি ৬১ বলে খেলেছিলেন ১৪১ রানের ইনিংস। সেখানে ৫০ বলে সেঞ্চুরি পূর্ণ করেছিলেন। এবার দ্রুততম সেঞ্চুরিতে তামিমকে তিনে নামিয়ে আনলেন ৩০ বছর বয়সী হাসানুজ্জামান।
এমন একটা ইনিংস খেলেও পারটেক্সকে জেতাতে পারেননি হাসানুজ্জামান। ওল্ড ডিওএইচএসের করা ১৯৯ রানের জবাবে পারটেক্স নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৭৬ রানের বেশি করতে পারেনি।
সূত্র : প্রতিদিনের সংবাদ
এন এইচ, ২১ জুন









