কক্সবাজার

ওসি প্রদীপকে কক্সবাজার কারাগারে স্থানান্তর

সরওয়ার আজম মানিক

কক্সবাজার, ১০ জুন – ‌মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় গ্রেপ্তার টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাসকে দীর্ঘ সাত মাস পর চট্টগ্রাম কারাগার থেকে কক্সবাজার কারাগারে স্থানান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুন) বিকেল তিনটার দিকে চট্টগ্রাম কারাগার থেকে তাকে বহনকারী প্রিজন ভ্যানটি কক্সবাজার কারাগারে প্রবেশ করে। তাকে বহনকারী প্রিজন ভ্যানটির সামনে ও পেছনে পুলিশের দু’টি টহল টিম নিরাপত্তায় নিয়োজিত ছিল।

কক্সবাজার কারাগারের জেলার মোস্তফা কামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে চট্টগ্রাম কারাগারের জেলার কাজি তারিকুল ইসলাম জানান, বেলা পৌনে ১১ টার দিকে চট্টগ্রাম কারাগার থেকে প্রিজন ভ্যানে করে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছে একটি টিম। করোনার কারণে আদালত বন্ধ থাকায় তাকে সরাসরি কক্সবাজারের কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

আলোচিত মেজর সিনহা হত্যা মামলায় ২০২০ সালের ১৩ ডিসেম্বর ওসি প্রদীপ কুমার দাস সহ ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দিয়েছেন তদন্ত কর্মকর্তা র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. খায়রুল ইসলাম।

ওই বছরের ৩১ জুলাই রাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে গাড়ী তল্লাশীকে কেন্দ্র করে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাখেদ খান।

এ ঘটনায় গত ৫ আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলীকে প্রধান আসামী করে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ নয় জন পুলিশ সদস্যকে আসামী করে মামলা দায়ের করে। আদালত মামলাটির তদন্ত করার আদেশ দেন র‌্যাবকে। এরপর গত ৬ আগস্ট প্রধান আসামী লিয়াকত আলী ও টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ ৭ পুলিশ সদস্য আদালতে আত্মসমর্পণ করেন।

পরবর্তীকালে সিনহা হত্যার ঘটনায় জড়িত থাকার সংশ্লিষ্টতা পাওয়ার অভিযোগে পুলিশের দায়ের মামলার ৩ জন স্বাক্ষী এবং শামলাপুর চেকপোস্টের দায়িত্বরত আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের ( এপিবিএন ) ৩ সদস্যকে গ্রেপ্তার করে র‌্যাব। এছাড়া একই অভিযোগে পরে গ্রেপ্তার করা হয় টেকনাফ থানা পুলিশের সাবেক সদস্য কনস্টেবল রুবেল শর্মাকেও।

মামলায় গ্রেপ্তার ১৪ আসামীকে র‌্যাবের তদন্তকারি কর্মকর্তা বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। এদের মধ্যে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও কনস্টেবল রুবেল শর্মা ছাড়া ১২ জন আসামী আদালতে ঘটনার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সূত্র : চ্যালেন আই
এন এইচ, ১০ জুন


Back to top button
🌐 Read in Your Language